‘দুর্নীতির নায়ক’কে মাথায় বসিয়ে দুর্নীতিমুক্তির গল্প শোনাচ্ছে বিজেপি! চিটিংবাজ কটাক্ষ মুকুলকে
মুকুল রায়ের খাসতালুকে দাঁড়িয়ে চিটফান্ডের এক নম্বর চিটিংবাজ বলে আখ্যা দেন। এদিন মুকুল রায়কে দুর্নীতির নায়ক বলেও উল্লেখ করেন শতরূপ।
চিটফান্ডের এক নম্বর 'চিটিংবাজ'কে দলে নিয়ে নরেন্দ্র মোদী দুর্নীতিমুক্ত রাজ্য গড়ার গল্প শোনাচ্ছেন বলে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। রবিবার নোয়াপাড়া বিধানসভা ক্ষেত্রে দলীয় প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের সমর্থনে এক নির্বাচনী জনসভায় শতরূপ ঘোষ মুকুল রায়ের খাসতালুকে দাঁড়িয়ে চিটফান্ডের এক নম্বর চিটিংবাজ বলে আখ্যা দেন। এদিন মুকুল রায়কে দুর্নীতির নায়ক বলেও উল্লেখ করেন শতরূপ।

উত্তর ২৪ পরগনার ফিডার রোডের মঞ্চ থেকে শতরূপ বলেন, 'সারদাকর্তা সুদীপ্ত সেন ও রোজভ্যালিকর্তা গৌতম কুণ্ডু ছিল শোকেসে রাখা পুতুল। আর চিটফান্ডের আসল গোডাউন সামাল দিতেন তৃণমূলের তৎকালীন দু-নম্বর মুকুল রায়। দিদির বিশ্বস্ত যোদ্ধা মুকুল রায়ই ছিলেন চিটফান্ডের এক নম্বর চিটিংবাজ। আর তাঁকেই দলের মাথায় বসিয়ে চিটফান্ডের গল্প শোনাচ্ছে বিজেপি।'
সিপিএমের যুবনেতা শতরূপের কথায়, 'সারদা ও নারদা দুই কেলেঙ্কারিতেই নাম জড়িয়েছিল মুকুল রায়ের। এখনও তিনি কলঙ্কমুক্ত নন। সারদা চিটফান্ড ও নারদার কালিমা নিয়েই তিনি বিজেপি শিবিরে গিয়েছেন। দুর্নীতির এই নায়ককে নিজেদের দলে নিয়েছে পদ্ম শিবির। আগে চিটফান্ডের কাটমানি যেত কালীঘাটে। এখন তাহলে বুঝি আমেদাবাদে যাবে?' এই প্রশ্নের তির যে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ঠেলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

এই সারদা তথা চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আগে বহুবার সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা। এবার চিটফান্ডের নেগেটিভ প্রচার শুরু হয়েছে বিজেপির বিরুদ্ধেও। বিজেপিকেও চিটফান্ড কাঁটায় বিদ্ধ করছে সিপিএম। এমন কটাক্ষও শুনতে হচ্ছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে এসে তৃণমূলকে চিটফান্ড কাঁটায় বিদ্ধ করেছিলেন। তারপর ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সারদার পাশাপাশি নারদা কাঁটাও ছড়িয়ে দিয়েছিলেন।
এখন মুকুল রায়ের বিজেপিতে যোগদানে সারদা-নারদা কাঁটায় বিদ্ধ হতে হচ্ছে বিজেপিকেও। বিজেপিকে কটাক্ষ হজম করতে হচ্ছে চিটফান্ড দুর্নীতি নিয়ে। শতরূপ বলেন, 'দুর্নীতির নায়ক মুকুল রায়কে দলে নিয়েছে, বিজেপিকে তো দুর্নীতির কলঙ্ক মাখতেই হবে।'












Click it and Unblock the Notifications