ভেঙে গেল বাম-কংগ্রেস-আইএসএফের জোট! ইয়েচুরির এক ‘বাক্যে’ই দাঁড়ি মোর্চার ভবিষ্যতে
ভেঙে গেল বাম-কংগ্রেস-আইএসএফের জোট! ইয়েচুরির এক ‘বাক্যে’ই দাঁড়ি মোর্চার ভবিষ্যতে
একুশের হাইভোল্টেজ ভোটের আগে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়তে সংযুক্ত মোর্চা গড়েছিল বাম, কংগ্রেস ও আইএসএফ। ভোট শেষে সেই সংযুক্ত মোর্চার আর কোনও অস্তিত্ব নেই বলে জানিয়ে দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কলকাতার এক অনুষ্ঠানে এসে তাঁর সাফ কথা, ভোট শেষ জোটও শেষ।

কংগ্রেস-আইএসএফের সঙ্গে জোটে নেই বাম
কলকাতায় সিপিএম নেতা সুজন চক্রবর্তীর একটি বইপ্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সেই অনুষ্ঠানে এসে সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সাফ জানালেন, কংগ্রেস আর আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের সঙ্গে কোনও জোট নেই। ভোটের সঙ্গে সঙ্গেই জোট শেষ হয়ে গিয়েছে।

ভোট শেষ জোট শেষ, দাঁড়ি টানলেন ইয়েচুরি
সীতারাম ইয়েচুরি বলেন, রাজনীতিতে একটা ফ্রন্ট বা মোর্চা তৈরি হয় কোনও বিশেষ পারপাস সার্ভ করার জন্য। ইমিডিয়েট পারপার সার্ভ করাই সংযুক্ত মোর্চার উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য হয়তো সাধিত হয়নি, কিন্তু ইভেন্ট শেষ হয়ে গেলে পারপাসের কোনও মূল্য থাকে না। তেমনই বাংলার বিধানসভা ভোট শেষ হতেই সংযুক্ত মোর্চা ভেঙে গিয়েছে।

জনতা পার্টি এসেছিল ইন্দিরা গান্ধীকে হারাতে
সীতারাম ইয়েচুরি এই ইমিডিয়েট পারপাস বোঝাতে একটি উদাহারণও দেন। তিনি ইন্দিরা গান্ধী ও জনতা দলের উদাহারণ দেন। বলেন, জনতা পার্টি এসেছিল ইন্দিরা গান্ধীকে হারাতে। হারিয়ে দেওয়ার পর জনতা পার্টি শেষ। তেমনই সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেই ইভেন্ট শেষ মোর্চার অস্তিত্বও শেষ।

বাংলায় আর জোট রইল না বাম-কংগ্রেসেরও
বাংলায় বিধানসভা ভোটের আগে বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির আইএসএফকে নিয়ে সংযুক্ত মোর্চা গঠন করা হয়েছিল। তার ভবিষ্যৎ যে ঊজ্জ্বল নয়, তার আভাস মিলেছিল। সেটাই সত্যি হল। শেষে বাংলায় বাম, কংগ্রেস ও আইএসএফের জোট ভেঙে গেল। ভবানীপুর উপনির্বাচন ও মুর্শিদাবাদের দুই কেন্দ্রে নির্বাচনের প্রাক্কালে আর জোট রইল না বাম-কংগ্রেসেরও।

ভবানীপুর নিয়ে মতান্তর ছিল বাম ও কংগ্রেসের
ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়েই মতান্তর শুরু হয়েছিল বাম ও কংগ্রেসের। এই আসনটি জোটের সমঝোতা অনুযায়ী কংগ্রেসের প্রার্থী দেওয়ার কথা ছিল। কিন্তু ভবানীপুর উপনির্বাচনে কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়া থেকে বিরত থাকে। তারপর জোট-শর্ত ভেঙে সিপিএম প্রার্থী দেয়। তখন থেকেই জল্পনা চলছিল তাহলে জোটের ভবিষ্যৎ কী!

আসন্ন পুর নির্বাচনেএ জোট রইল না বাম-কংগ্রেসের
এদিন সীতারাম ইয়েচুরি সেই বিতর্কের অবসান ঘটিয়ে দেন একটি কথাতেই। তিনি বলেন, ভোট শেষ জোট শেষ। অর্থাৎ দুই কেন্দ্রের সাধারণ নির্বাচন ও ভবানীপুরের উপনির্বাচনে আর জোট প্রার্থীকে ভোট দেওয়া নিয়ে বাধ্যবাধকতা থাকল না। এবং আসন্ন পুরভোট বা বাকি কেন্দ্রের উপনির্বাচনেও জোটের অস্তিত্ব রইল না।












Click it and Unblock the Notifications