বিজেপিতে যোগদান কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলরের, একুশের আগে শক্তিবৃদ্ধি
বিজেপিতে যোগদান কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলরের, একুশের আগে শক্তিবৃদ্ধি
২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে টিম সাজিয়ে ফেলেছে বিজেপি। এবার শক্তি বাড়ানোর প্রক্রিয়াও শুরু হয়ে গেল। খাস কলকাতার বুকে শক্তি বাড়াল বিজেপি। কলকাতা-সহ একাধিক পুরসভা নির্বাচন এখনও বাকি। তার আগে কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলর যোগ দিলেন পদ্ম শিবিরে।

বিজেপিতে সিপিএমের বিদায়ী কাউন্সিলর
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্কর যোগ দেন পদ্মশিবিরে। তাঁর যোগদানে কলকাতা পুর এলাকায় বিজেপির শক্তি বাড়ল কয়েকগুণ। মঙ্গলবার দলবল নিয়ে তিনি বিজেপির হেস্টিংস অফিসে যোগদান করতে আসেন। বিজেপিতে যোগ দিয়ে তাঁর অনুগামীরা দিলীপের নামে জয়ধ্বনিও দেন।

কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করেই দলত্যাগ
মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়ে কলকাতার ১০২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রিঙ্কু নস্কর বলেন, এখন আর কেউ নীতি আদর্শ নিয়ে চলে না। তাহলে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হত না। তা তো হচ্ছে। আমিও তাই বিজেপিতে যোগ দিলাম। কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

রিঙ্কুদেবীর সিপিএম ছাড়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা
রিঙ্কু নস্করের স্বামী মানস মুখোপাধ্যায় কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছিলেন। তিনি একসময় নকশাল আন্দোলন করতেন। আর তাঁর তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রিঙ্কুদেবীর সিপিএম ছাড়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান হল মঙ্গলবার।

বিজেপিতে যোগদান করতে আসার পথে ঘোর বিপত্তি
এদিন রিঙ্কু নস্কর বিজেপিতে যোগদান করতে আসার পথে ঘোর বিপত্তি ঘটে। তিনি বিজেপি অফিসে যাওয়ার পথে লিফটে আটকে পড়েন। লিফটম্যানরা এসে তাঁকে লিফট থেকে বের করে দেন। তারপর তিনি বিজেপি পার্টি অফিসে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন। রিঙ্কুদেবী ছাড়াও আরও অনেকে যোগ দেন এই দলবদলের অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications