সিপিএমে ফিরতে পারেন ২০ বছর পর! দুলালকে দলে সক্রিয় করার ইঙ্গিত সেলিমের
আবার বছর ২০ পর! হ্যাঁ, ২০ বছর পর ফের রাজ্য রাজনীতিতে সক্রিয় হতে পারেন দুলাল বন্দ্যোপাধ্যায়। সিপিএমের দাপুটে ও বাহুবলী নেতা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ২০০২ সাল থেকে তিনি ছিলেন রাজনীতির বাইরে। আবার ২০ বছর পর তাঁকে দলে ফিরিয়ে নিতে চাইছে সিপিএম।
উত্তর ২৪ পরগনা সিপিএমের দাপুটে নেতা দুলাল বন্দ্যোপাধ্যায় দলে সক্রিয় করার ইঙ্গিত দিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্বয়ং। সম্প্রতি রাজ্য সম্পাদক মণ্ডলীয় বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর সেই খবরকে কার্যত সিলমোহর দিয়েছেন মহম্মদ সেলিম।

২০০২ সালের ৪ মার্চ দমদম জোড়া খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল দুলাল বন্দ্যোপাধ্যায়কে। তিনি ১১ এপ্রিল গ্রেফতার হন। প্রায় দেড় বছর বিচারপ্রক্রিয়া চলার পর ২০০৩ সালের ২৯ অগাস্ট তাঁর যাবজ্জীবন সাজা হয়। ২০১৪ সালের ১৪ জুলাই মুক্তি পান তিনি।
তারপর থেকেই তিনি রাজনীতিতে নিষ্ক্রিয়। সিপিএমের সঙ্গে থাকলেও সক্রিয় অংশগ্রহণ তিনি করেননি। দূরে দূরে থেকেছেন। কিন্তু দলের জন্য নিবেদিত প্রাণ। সাজা কাটিয়ে মুক্তিলাভের পর আরও ৯ বছর কেটে গিয়েছে। এবার তাঁকে দলে সক্রিয় করতে চাইছে রাজ্য কমিটি।

২০০৩ সালে পার্টির সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছিল দুলাল বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু পার্টি এবার তাঁকে যোগ্য সম্মান দিতে চাইছে। এর আগে হকার উচ্ছেদ থেকে শুরু করে একগুচ্ছ ইস্যুতে অতীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর মতবিরোধ হয়েছিল।
সিপিএম আমলে কম রাজনৈতিক গণহত্যা তো হয়নি। সাঁইবাড়ি থেকে শুরু করে মরিচঝাঁপি, বিজন সেতু, বানতলা, ধানতলা, ছোটো আঙাড়িয়া, সূচপুর, কেশপুর, নন্দীগ্রাম, খেজুরি, আমতা, সিঙ্গুরের মতো হাজারো ঘটনার সাক্ষী থেকে বাংলা। তার মধ্যে দমদমের জোড়া খুনও ছিল অন্যতম।

সেই খুনের মামলায় প্রধান অভিযুক্ত যাবজ্জীবন সাজা খাটা দুলাল বন্দ্যোপাধ্যায়কে ফের দলে ফেরাচ্ছে সিপিএম। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তাঁকে সক্রিয় করতে চাইছে বাংলার লাল পার্টি। একুশের ভোটে বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার পর ফের কামব্যাকের লড়াই শুরু করেছে সিপিএম।
দুলালকে দলে ফেরানো নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বেশ কৌশলী মন্তব্যে তিনি জানিয়েছেন, দল তাঁদের ফিরিয়ে আনতে চাইছে, যাঁরা দলের থেকে দূরে সরে গিয়েছেন বা দলের কাজকর্ম থেকে দূরে সরিয়ে রেখেছেন। তাঁদেরকেই ফের মূলস্রোতে ফিরিয়ে আনতে চাইছে বাংলার সিপিএম।












Click it and Unblock the Notifications