স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বছরভর কর্মসূচি, প্রথমবার দফতরে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত সিপিআইএম-এর
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বছরভর কর্মসূচি নিল সিপিআইএম (cpim)। দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষ দিনে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও সিদ্ধান্ত হয়েছে, এবারের স্বাধীনতা দিবসে দেশের সমস্ত পার্টি অফিসে জাতীয় পতাকা উত
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বছরভর কর্মসূচি নিল সিপিআইএম (cpim)। দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষ দিনে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও সিদ্ধান্ত হয়েছে, এবারের স্বাধীনতা দিবসে দেশের সমস্ত পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। কেন্দ্রীয় কমিটির বৈঠকে সুজন চক্রবর্তী জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তাব রাখেন বলে জানা গিয়েছে।

স্বাধীনতা দিবস পালনের উদ্যোগ সিপিএম-এর
এবার স্বাধীনতা দিবস পালনের উদ্যোগ সিপিএম-এর। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কর্মসূচি নেওয়া হয়েছে সিপিএম কেন্দ্রীয় কমিটিক তরফে। ১৫ অগাস্ট সারা দেশের সব পার্টি অফিসে পতাকা উত্তোলন করা হবে পার্টির তরফ থেকে। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির তরফে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে একবছর ধরে নানা কর্মসূচির কথা জানানো হয়েছে। ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সাম্প্রদায়িকতার বিপদ, দেশের স্বাধীনতায় কমিউনিস্টদের ভূমিকা-এই সমস্ত কিছু নিয়েই চলবে একবছর ধরে প্রচার চালানো হবে। প্রসঙ্গত ' ইয়ে আজাদি জুটা হ্যায়' স্লোগান দেওয়া হয়েছিল দেশের কমিউনিস্ট পার্টির তরফে। তখন অবশ্য সিপিএম ছিল না। ছিল সিপিআই। গত বেশ কয়েকবছর ধরে স্বাধীনতা দিবসে মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসূচি নেয় সিপিএম সহ বামদলগুলি। তবে এবার স্বাধীনতার ৭৫ বছর পালন নিয়ে সিপিএম যে উদ্যোগ নিচ্ছে তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

প্রস্তাব সুজন চক্রবর্তীর
সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সিলমোহরের জেরে এবার আলিমুদ্দিন স্ট্রিটে জাতীয় পতাকা উত্তোলন করার সম্ভাবনা তৈরি হয়েছে। এবারই প্রথমবার আলিমুদ্দিন স্ট্রিটে জাতীয় পতাকা উত্তোলন হতে চলেছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় কমিটি এদিন যে প্রস্তাবে অনুমোদন দিয়েছে, তা এনেছিলেন বাংলা থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। প্রস্তাব আকারেই এই অনুমোদন চাওয়া হয়। কেন্দ্রীয় কমিটি স্বাধীনতা দিবস পালন নিয়ে তাঁর প্রস্তাব অনুমোদন করে। তবে শুধু আলিমুদ্দিন স্ট্রিটেই নয়, জেলা এবং শাখা কমিটিগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

অবস্থানের ব্যাখ্যা
দলীয় দফতরের জাতীয় পতাকা উত্তোলনের ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, জাতীয়তাবাদ বা দেশাত্মবোধকে পুঁজি করে বিজেপি যেভাবে প্রভাব বিস্তার করছে, তাকেই চ্যালেঞ্জ জানাতে চায় বামেরা। যার প্রেক্ষিতে প্রস্তাব এবং সেই প্রস্তাব পাশ হয়ে যায় কেন্দ্রীয় কমিটির বৈঠকে।
সংবাদ মাধ্যমকে সুজন চক্রবর্তী বলেছেন, আগেও সিপিএম স্বাধীনতা দিবস পালন করেছে। কিন্তু এবার দেশ স্বাধীনতার ৭৫ তম বর্ষে পা দিচ্ছে। ফলে দলগতভাবেই সব পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি একবছর ধরে স্বাধীনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হবে।

বিজেপির কটাক্ষ
আগামী রবিবার স্বাধীনতা দিবস। বিগত বছরগুলিতে কংগ্রেস, বিজেপি, তৃণমূল সবাই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে সিপিএমও। ১৯৬৪ সালে সিপিএম প্রতিষ্ঠার পর থেকে রাজ্যে বামশাসন ক্রমাগত সিপিএম-এর দাপট বেড়েছিল। কিন্তু গত ১০ বছরে রাজ্যে সিপিএম শূন্যে এসে ঠেকেছে। যার জেরেই সিপিএম নিজেদের দেশপ্রেমিক বলে প্রমাণ করার মরিয়া চেষ্টা শুরু করেছে বলেই মত গেরুয়া শিবিরের। এদিন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য কটাক্ষ করে বলেছেন, আলিমুদ্দিনের ছাদে এবার জাতীয় পতাকার সঙ্গে তৃণমূলের পতাকাও দেখা যেতে পারে। কত তাড়াতাড়ি তৃণমূলের কোলে যোগ দেওয়া যায়, সেই চেষ্টাই করছেন সিপিএম কটাক্ষে বলেছেন তিনি। তবে দেরিতে হলেও যে উদ্যোগ সিপিএম নিয়েছে, তা প্রশংসার বলে মন্তব্য করেছেন তিনি।

পার্টি কংগ্রেস কান্নুরে
কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষে বিজেপিকে রুখতে সারা দেশে গণতান্ত্রিক এবং বিজেপি বিরোধী শক্তির পাশে দাঁড়ানোর ব্যাপারে সওয়াল করেছে ত্রিপুরা সিপিএম। এই সওয়াল কি তৃণমূলের পাশে দাঁড়ানোর, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সূত্রের খবর অনুযায়ী, এর আগে অবশ্য বিধানসভা নির্বাচনে আইএসএফ-এর সঙ্গে জোট নিয়ে কেন্দ্রীয় কমিটির প্রশ্নের মুখে পড়তে হয় সিপিএম-এর রাজ্যের নেতাদের। ওই জোট নিয়ে কেন্দ্রীয় কমিটির অনুমোদন নেওয়া হয়েছিল কিনা সেই প্রশ্নও ওঠে। তবে রাজ্য নেতৃত্বের তরফে সুজন চক্রবর্তী মৃদুল দের মতো নেতারা জোটের সিদ্ধান্তের পক্ষেই জোরদার সওয়াল করেন বলে জানা গিয়েছে। তবে আইএসএফ-এর সঙ্গে জোটকে নির্বাচনী সমঝোতা হিসেবেই দেখতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী বছরের এপ্রিলে কেরলের কান্নুরে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications