উডল্যান্ডসে সুজন চক্রবর্তী, সৌরভকে দেখতে রবিবারই কলকাতায় আসছেন অশোক ভট্টাচার্য
সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত স্থিতিশীল হলেও চিন্তায় রয়েছেন রাজ্যের প্রাক্তন পৌর ও নগরোন্নায়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, গতকাল রাত ১০টা নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। এরপর আজ সকালে তাঁর অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তিনি গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু খবর না পাওয়ায় উদ্বেগ বাড়ে অশোক ভট্টাচার্যের। তাই আজ রাতের ট্রেনেই কলকাতায় আসছেন তিনি।

সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নেন অশোক
অশোক ভট্টাচার্য জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি আগামীকাল কলকাতায় আসছেন। সরাসরি হাসপাতালে যাবেন। এদিকে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিতে আজই হাসপাতালে যেতে চলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এর আগে সৌরভকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন লক্ষ্মী রতন শুক্লা।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভট্টাচার্য পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভট্টাচার্য পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। কয়েকদিন আগে সৌরভের বাড়িতে একসঙ্গে বসে খেয়েছিলেন অশোক ভট্টাচার্য। সেই ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি। এর আগেও অশোক ভট্টাচার্য কোরোনায় আক্রান্ত হওয়ার সময় সৌরভ নিয়মিত তাঁর খোঁজ-খবর নিয়েছেন। প্রায় প্রতিদিনই সৌরভের সঙ্গে টেলিফোনে কথা হত বলে জানিয়েছেন শিলিগুড়ির পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য।

জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ
আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি হন বিসিসিআই সভাপতি। পরিবারের তরফে জানা গিয়েছে, আজ সকালে বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। আচমকা ব্ল্যাক আউট হয়ে যায়। তার পরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী
ইতিমধ্যেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক টুইট-বার্তা আসতে থাকে ক্রিকেট দুনিয়া থেকে।












Click it and Unblock the Notifications