মমতার রাজ্যেও যোগী রাজ্যের মতো ঘটনা! সাংসদ, বিধায়কের নাম তুলে একের পর এক ঘটনায় আক্রমণ সেলিমের
মমতার রাজ্যেও যোগী রাজ্যের মতো ঘটনা! সাংসদ, বিধায়কের নাম তুলে একের পর এক ঘটনায় আক্রমণ সেলিমের
উত্তর প্রদেশের হাথরসের(Hathras) ঘটনা নিয়ে পথে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি ঘটনাস্থলেও যেতে চান। কিন্তু তাঁর রাজ্যেই তো এমনই নানা ঘটনা ঘটেছে আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান নিয়ে কড়া আক্রমণ সিপিএম নেতা মহঃ সেলিমের( Md Salim)। এসবই তাঁর দ্বিচারিতা বলে অভিযোগ করেছেন তিনি।

যোগী রাজ্যে নিন্দনীয় ঘটনা
যোগীরাজ্যে নিন্দনীয় ঘটনা ঘটেছে। গণধর্ষণের পর হাসপাতালে মৃত্যু, তারপর পরিবারের হাতে দেহ তুলে না দিয়েই জ্বালিয়ে দেওয়া। কীভাবে যোগী সরকার প্রশাসনকে কাজে লাগায় সবাই দেখেছে, মন্তব্য করেছেন সেলিম। হাথরসে তৃণমূলের প্রতিনিধি দলকে ঢুকতে না দেওয়াটা অন্যায় বলেও মন্তব্য করে সেলিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিল করেছেন কলকাতায়।

রাজ্যেও ঘটেছে একই ঘটনা
সিপিএম পলিটব্যুরো সদস্য মহঃ সেলিম বলেন, এই রাজ্যে যখন দাঙ্গা হয়েছে, ধূলাগড়-সহ বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছে বামেরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাধা দিয়েছে।

প্রসঙ্গ কামদুনি, তৃণমূল সাংসদের নাম করে কটাক্ষ
হাথরসে তৃণমূলে প্রতিনিধি দলে সামিল ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু তাঁর এলাকাতেই পড়ে কামদুনি। উনি কি কখনও গিয়েছিলেন প্রশ্ন করেন সেলিম। পাশাপাশি বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া সব্যসাচী দত্তের কথাও উল্লেখ করেন তিনি। সব্যসাচী দত্তকে দিয়ে মানুষের মনোবল ভাঙার জন্য এলাকায় পিকনিক, ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। অভিযোগ করেন সেলিম।

প্রসঙ্গ পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড
সেলিম টেনে এনেছিলেন পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডও। তিনি বলেন, সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘটনাটি সাজানো, কোনও রেপ হয়নি। অন্যদিকে রাজগঞ্জে প্রশাসনের কেউ যায়নি।

নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
হাথরাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামা প্রসঙ্গে সেলিম বলেন, নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, যোগী সরকারের পুলিশ যেমন রাতের অন্ধকারে হাথরসের নির্যাতিতার দেহ পুড়িয়েছে, অনেকটা তেমনই গরিব ট্যাক্সি ড্রাইভারের মেয়ের অবস্থা কী করেছিল কলকাতা পুলিশ।












Click it and Unblock the Notifications