আবারও লাগু করোনা বিধি, আগামীকাল আদালতে ঢোকার আগে মানতে হবে যেসব নিয়ম
ফের বাড়ছে করোনা। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। আবার নতুন করে করোনা বিধি মেনে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। বারবার হাত ধোয়া থেকে শুরু করে পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কোভিড বিধির পরামর্শের পরেই কলকাতা হাইকোর্ট তৎপর হয়। আগামীকাল থেকে কলকাতা হাইকোর্টে লাগু হচ্ছে। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল হাই কোর্ট প্রশাসন। এদিন হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, দেশ তথা রাজ্য জুড়ে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে আবারও আদালতে করোনা বিধি চালু করা হচ্ছে।

এবার থেকে আদালতে আইনজীবী থেকে বিচার প্রার্থী ও আদালত কর্মী সকলকেই মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করতে হবে। প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব রাখতে হবে। মামলার শুনানি চলাকালীন আদালতের এজলাস জুড়ে অবাঞ্ছিত ভিড় করা যাবে না। এছাড়াও আদালতে ঢোকার সময় শরীরের তাপ মাত্রা মাপতে হবে। নির্দিষ্ট সময়ের পর বার অ্যাসোসিয়েশনের ঘরগুলোও ফাঁকা করতে হবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য আদালতে প্রতিদিনই হাজার হাজার মানুষের ভিড় হয়। আর এখন যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন মামলার সংখ্যা বাড়ছে তাতে হাইকোর্টে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেকারণে আগে থেকেই এই সতর্কতা বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications