বাংলায় এল করোনা ভ্যাকসিন, ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ, জানালেন মুখ্যসচিব
বাংলায় এল করোনা ভ্যাকসিন, ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ, জানালেন মুখ্যসচিব
পুণের সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন রাজ্যে পৌঁছলো মঙ্গলবার দুপুরে। পুণে থেকে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় করোনা ভাইরাসের টিকা। সেখান থেকে তিনটি ইনসুলেটেড ভ্যানে বাগবাজারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোর্সে নিয়ে যাওয়া হয় বাক্সবন্দি প্রায় ৬৮ হাজার ৯০০টি ভ্যাকসিন ভর্তি ভায়াল। নিয়ম মেনেই জেলায় জেলায় কোভিড ১৯ ভ্যাকসিন বিলি করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

প্রথম পর্বে কত টিকা
প্রথম পর্বে মোট ৫৮টি বাক্সে প্রায় সাত লক্ষ কোভিড ১৯ ভ্যাকসিন রাজ্যে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আপাতত সেগুলি বাগবাজারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোর্সে সংরক্ষণ করে রাখা হবে বলেও জানানো হয়েছে। সেখান থেকে শহর ও জেলা মিলিয়ে রাজ্যের ৯৪১টি 'কোল্ড চেইন পয়েন্টে' ভ্যাকসিন পৌঁছে যাবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।

কবে থেকে ভ্যাকসিন দান
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ছোট-বড় ৪৭টি ইনসুলেটেড ভ্যানে ১৪ জানুয়ারি রাত কিংবা ১৫ জানুয়ারি সকালে রাজ্যের সবকটি 'কোল্ড চেইন পয়েন্ট'-এ কোভিড ১৯ টিকা পৌঁছে দেওয়া হবে। ১৬ জানুয়ারি থেকে শহর ও জেলায় টিকাকরণ শুরু হবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।

বিশেষ টাস্ক ফোর্স
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের নিয়ম এবং সুনির্দিষ্ট গাইডলাইন মেনে রাজ্যের জেলায় জেলায় কোভিড ১৯ ভ্যাকসিন বন্টন করা হবে। প্রথম পর্বে করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা স্বাস্থ্য কর্মীদের টিকাকরণ করা হবে। তাঁদের সংখ্যা প্রায় ৬ লক্ষ বলে জানানো হয়েছে। জেলায় জেলায় কোভিড ১৯ ভ্যাকসিন বন্টন ও টিকাকরণের জন্য রাজ্যের তরফে বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

করোনা আক্রান্তের সংখ্যা
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষ ৭০ হাজারের কাছে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬৫০। মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৯৯৫৭ জন।












Click it and Unblock the Notifications