মেয়ের বাইরে রাত কাটানো নিয়ে অশান্তি, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির
ওই দম্পতির মেয়ে কর্মসূত্রে বাইরে থাকতেন। তা নিয়েই উভয়ের মধ্যে অশান্তি চলছিল। নিত্যদিন মেয়ের বাড়ির বাইরে থাকা নিয়ে নানা কথা হত।তার জেরেই আত্মহত্যার চেষ্টা।
মেয়েকে নিয়ে অশান্তির জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালাল মা। স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন স্বামীও। সোমবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে হাওড়ার নাজিরগঞ্জের সুকান্তনগর কলোনিতে। এই ঘটনায় দু-জনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্বামী-স্ত্রী উভয়ের অবস্থাই আশঙ্কাজনক।
সোমবার রাতে মেয়েকে নিয়ে তীব্র অশান্তি শুরু হয় বাড়িতে। এই নিত্য ঝামেলা থেকে মুক্তি পেতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান শম্পা দাস নামে এক মহিলা। তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তাঁর স্বামী অজয় দাসও। দাউ দাউ আগুনে জ্বলতে থাকে দম্পতি।

এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ দম্পতিকে হাসপাতালে নিয়ে যান। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন দু-জনেই। নাজিরগঞ্জ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির মেয়ে কর্মসূত্রে বাইরে থাকতেন। তা নিয়েই উভয়ের মধ্যে অশান্তি চলছিল। নিত্যদিন মেয়ের বাড়ির বাইরে থাকা নিয়ে নানা কথা হত। তা নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব লেগেই থাকত। তাই সেই অশান্তি থেকে বাঁচতেই আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন দুখিনী মা। পড়শিদের উদ্যোগে প্রাণে বেঁচে যান তাঁরা।












Click it and Unblock the Notifications