সারা দেশে 'সুপার এমার্জেন্সি' চলছে, জরুরি অবস্থার বর্ষপূর্তিতে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার
জরুরি অবস্থার বর্ষপূর্তি নিয়ে টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জরুরি অবস্থার বর্ষপূর্তি নিয়ে টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জরুরি অবস্থার স্মৃতিচারণার পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে ফের একবার আক্রমণের পথ বেছে নিয়েছেন। ১৯৭৫ সালের এই দিনে অর্থাৎ ২৫ জুন সারা দেশে জরুরি অবস্থা জারি করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার।

সেই জরুরি অবস্থা দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় হয়ে রয়েছে। সেই সময় বিরোধীদের কণ্ঠরোধ থেকে শুরু করে সরকারি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নানা অনৈতিক কাজের অভিযোগ উঠেছিল তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে।
১৯৭৫ সালে আজকের দিনেই জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর দেশে 'সুপার এমার্জেন্সি' চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা
— Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2019
দু'বছর পর যখন জরুরি অবস্থার অবসান হয়, তারপরই দেশে সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধীর সরকার পড়ে গিয়েছিল। প্রথমবার জনতা পার্টির সরকার ক্ষমতায় আসে। এবং প্রধানমন্ত্রী হন মোরারজী দেশাই।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি অবস্থার বর্ষপূর্তিকে সামনে রেখে কেন্দ্রের মোদী সরকারকে ফের তীব্র আক্রমণের রাস্তায় হেঁটেছেন। মমতা বলেছেন, গত ৫ বছর ধরে সারা দেশে সুপার ইমার্জেন্সি চলছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে সুরক্ষিত করা।
ঘটনা হল, কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে বারবারই সংখ্যালঘুদের কোণঠাসা করা নিয়ে বিষয় সরব হয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইছে বিজেপি। এই উদ্দেশ্য নিয়েই মোদী সরকার এগোচ্ছে এবং দেশের ধর্মনিরপেক্ষতার যে পরিচয় স্বাধীনতার পর থেকে ভারতের রয়েছে তা মুছে দিতে চাইছে। এই অভিযোগে নানা সময়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।












Click it and Unblock the Notifications