বাংলায় রেকর্ড করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ১৮ হাজারের বেশি
বাংলায় রেকর্ড করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ১৮ হাজারের বেশি
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার আরও কিছুটা বাড়ল। বৃহস্পতিবার তা ছিল ১৫৪২১ জন। আর এদিন শুক্রবার তা পৌঁছে গেল একলাফে ১৮ হাজার ২১৩ জনে। একইসঙ্গে দৈনিক মৃত্যুর হয়েছে ১৮ জনের। সবমিলিয়ে বাংলায় তৃতীয় ওয়েভে করোনা ভাইরাসের সংক্রমণের শিকার এক সপ্তাহে ৭৩ হাজার ৪৭২ জন মানুষ।

বাংলায় রোজ ভাঙছে করোনা সংক্রমণের রেকর্ড
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ২১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। রোগ সারিয়ে সুস্থ হয়েছেন ৭৯১২ জন। পাশাপাশি মারা গিয়েছেন ১৮ জন। যা আগের দিন ছিল ১৯ জন। একইসঙ্গে বাংলায় অ্যাক্টিভ করোনা সংক্রমণ ৫১৩৮৪ জনে পৌঁছে গেল।

আরও বাড়ল করোনা পরীক্ষা
বৃহস্পতিবার বাংলায় ৬২ হাজার ৪১৩ জনের করোনা পরীক্ষা হয়েছিল। শুক্রবার তা বেড়ে হল ৬৯ হাজার ১৫৮ জন। যার মধ্যে পজিটিভিটির হার ২৬.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত সারা রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ২ কোটি ১৭ লক্ষ ৩৯ হাজার ২৩ জনের।

সংক্রমণ ৭ হাজার ছাড়াল কলকাতায়
বাংলার জেলাগুলির মধ্যে সংক্রমণের দিক থেকে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে কলকাতা। একদিনে রাজ্যের রাজধানীতে করোনা সংক্রমিত ৭৪৮৪ জন। একইসঙ্গে এই জেলায় মারা গিয়েছেন ৭ জন। এদিন কলকাতায় রোগ সারিয়ে সুস্থ হয়েছেন ৩৬১২ জন।

অন্য জেলাগুলির মধ্যে এগিয়ে উত্তর ২৪ পরগনা
কলকাতা বাদে উত্তর ২৪ পরগনায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। সেখানে একদিনে আক্রান্ত ৩১১৮ জন, হাওড়ায় ১৩৬০ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৭০৪ জন, হুগলিতে ৭৯৩ জন, পশ্চিম বর্ধমানে ১০৪৩ জন, পূর্ব বর্ধমানে ৫৩২ জন, বীরভূমে ৫৬৪ জন, নদিয়ায় ৪১০ জন এবং পশ্চিম মেদিনীপুরে ৩৫০ জন একদিনে করোনা সংক্রমিত হয়েছে।

বাড়ছে মৃত্যু
একদিনে উত্তর ২৪ পরগনায় ৩ জন, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায় ২ জন, কলকাতায় মোট ৭ জন এবং জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, হুগলিতে একজন করে মানুষের মৃত্যু হয়েছে।

কীভাবে রাজ্যে চিকিৎসা চলছে
বাংলায় এই মুহূর্তে ৪৮৭৮৫ জন মানুষ হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়াও ২৪৪৪ জন করোনা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। সরকারি-বেসরকারি সব মিলিয়ে মোট ২০৩টি হাসপাতালে করোনা চিকিৎসা চলছে। প্রতি দশ লক্ষ জনে বাংলায় করোনা আক্রান্ত ২ লক্ষ ৪১ হাজার ৫৪৫ জন।












Click it and Unblock the Notifications