দু'দিনে আড়াই গুণ করোনা সংক্রমণ বাড়ল বাংলায়, নতুন বছর শুরুর আগেই আশঙ্কা
দু'দিনে আড়াই গুণ করোনা সংক্রমণ বাড়ল বাংলায়, নতুন বছর শুরুর আগেই আশঙ্কা
দেশজুড়ে করোনার ট্রেন্ড ঊর্ধ্বমুখী হলেও এতদিন বাংলায় ট্রেন্ড নিম্নমুখী ছিল। তবে সেটা আর কতদিন বজায় থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই গুণ বৃদ্ধি পেল। সোমবার বাংলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯ জন। মঙ্গলবার তা ৭৫২ জন, আর এদিন বুধবারে সংক্রমণের সংখ্যা পৌঁছে গেল ১০৮৯ জনে।

আক্রান্ত বাড়ল
গত ২৪ ঘন্টায় বাংলায় ৩৮ হাজার ৩৭৫ জনের করোনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে পজিটিভিটি ২.৮৪ শতাংশ। যা আগের চেয়ে বেশ কিছুটা বেশি। অন্যদিকে একদিনে ৮০৭ জন সুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।

বাড়ল মৃত্যুও
এদিন একলাফে দৈনিক মৃত্যুর হার কিছুটা বেড়ে গিয়েছে। মঙ্গলবার যেখানে সাতজনের মৃত্যু হয়েছিল সেখানে বুধবার মৃতের সংখ্যা ১২ জনে পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে বাংলায় করোনার সঙ্গে লড়াই করছেন ৭ হাজার ৭২৭ জন মানুষ। মৃত্যুর হার ১.২১ শতাংশ এবং সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।

জেলায় জেলায় ফের সংক্রমণের আশঙ্কা
পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের মধ্যে ৫০ শতাংশ মানুষ কলকাতায় আক্রান্ত হয়েছেন। কলকাতায় একদিনের করোনা আক্রান্তের সংখ্যা ৫৪০ জন। এরপর সবচেয়ে বেশি ১৪৫ জন এদিনে আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। এছাড়া হাওড়ায় ৭৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৬০ জন, হুগলিতে ৫৯ জন এবং বীরভূমে ৩৫ জন একদিনে করোনা আক্রান্ত হয়েছেন। তিনজন করে মারা গিয়েছেন হাওড়া এবং কলকাতায়। এছাড়া উত্তর ২৪ পরগনায় দুজন এবং একজন করে করোনায় মারা গিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া এবং বীরভূমে।












Click it and Unblock the Notifications