পুজোর আগেই বাংলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, সুস্থতার হার কমায় উদ্বেগ বৃদ্ধি
বাংলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে পুজোর মুখে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে কম টেস্টিং সত্ত্বেও রেকর্ড সংক্রমণ হচ্ছে প্রতিদিন।
বাংলায় দৈনিক করোনা সংক্রমণে সব রেকর্ড ভেঙে প্রায় ছুঁয়ে ফেলল চার হাজারের গণ্ডি। পুজোর মুখে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে কম টেস্টিং সত্ত্বেও এদিন সর্বোচ্চ সংক্রমণ হল সোমবার। মাত্র ৪৩ হাজার টেস্টিংয়েই দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে, কমছে সুস্থতার হার। তাতেই উদ্বেগ চরমে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৯৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৩ লক্ষ ২১ হাজার ০৩৬ জন। এদিন ৩৯৯২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ০২৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১১৯। এদিন মৃত্যু হয়েছে ৬৩ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৩ লক্ষ ২৫ হাজার ০২৮ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ৩৪ হাজার ৫৮৪ জন। এদিন ৬৫৭ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত বেড়েছে ৩৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩২৭২ জন। মোট করোনা মুক্ত হলেন ২ লক্ষ ৮৪ হাজার ৩২৫ জন। সুস্থতার রেট হয়েছে ৮৭.৪৮ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৪০ লক্ষ ৩৪ হাজার ৮৮৯ জনের। ৯২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৪৪৮৩২। এদিন টেস্টিং হয়েছে ৪৩৬১৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.০৬ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৭০৬৫৩। এদিন ৮০৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৬৫৬৩৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ২২৫০৫। এদিন আক্রান্ত হয়েছেন ২২৯ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২৩৪ জন বেড়ে হয়েছে ২১৬১৪। হুগলিতে ১৫৪ জন বেড়ে আক্রান্ত ১৫৮৬৫ জন। এরপর পূর্ব মেদিনীপুর ১৩২৯১। এদিন বেড়েছে ৭৯ জন। পশ্চিম মেদিনীপুরে মোট আক্রান্ত ১২৩৪১। এদিন বৃদ্ধি পেয়েছে ২২৩।












Click it and Unblock the Notifications