বাংলায় করোনা সংক্রমণ ছাড়াল এক লক্ষ! ২৪ ঘণ্টায় আক্রান্তদের টপকে গেল সুস্থের সংখ্যা
বাংলায় করোনা সংক্রমণ ছাড়াল এক লক্ষ! ২৪ ঘণ্টায় আক্রান্তদের টপকে গেল সুস্থের সংখ্যা
বাংলায় করোনা রোগীর সুস্থতার সংখ্যা বাড়ছে। তবে আক্রান্তর ধারা এখনও সমানে চলছে। আশার আলোর মধ্যেই স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন মঙ্গলবার জানিয়ে দিল রাজ্যে করোনা সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে এক লক্ষ। বর্তমানে করোনার টেস্ট বাড়লেও সংক্রমিতের সংখ্যা একই থাকা আশাব্যাঞ্জক বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯৩১ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৯৮ হাজার ৪৫৯ জন। এদিন ২৯৩১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ০১ হাজার ৩৯০ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৪৯। এদিন মৃত্যু হয়েছে ৪৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১ লক্ষ ০১ হাজার ৩৯০ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৫ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩০৬৭ জন। মোট করোনা মুক্ত হলেন ৭৩ হাজার ৩৯৫ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৭২.৩৯ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১১ লক্ষ ৫৯ হাজার ২১১ জনের। ৬০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১২৮৮০। এদিন টেস্টিং হয়েছে ২৭০১৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৭৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২৯১৮৫। এদিন ৭১৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২১৬৯০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১০১০০। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৬ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২২০ জন বেড়ে হয়েছে ৭৪০৯। হুগলিতে ১১৫ জন বেড়ে আক্রান্ত ৪৮১০ জন। এরপরেই রয়েছে মালদহ ও দার্জিলিং।












Click it and Unblock the Notifications