করোনা সংক্রমণে প্রথম দশে বাংলার কোন জেলাগুলি? কোথায় কোথায় বাড়ছে উদ্বেগ
বাংলায় ক্রমেই বিধ্বংসী চেহারা নিচ্ছে করোনা সংক্রমণ! উদ্বেগ বাড়াচ্ছে প্রধান ১০ জেলা, জেনে নিন বিশদে
তেরো লক্ষ পার করতে চলেছে ভারতে করোনা সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে বাংলাতেও। ইতিমধ্যেই গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি পার করেছে। এদিকে শুক্রবারই সর্বাধিক করোনা বিধ্বস্ত ৮ রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। তার মধ্যে রয়েছে বাংলাও। এদিকে সর্বোচ্চ করোনা সংক্রমণের নিরিখে পশ্চিম বাংলার মধ্যে সবার উপরে রয়েছে কলকাতা।

উদ্বেগ বাড়াচ্ছে কোন ১০ জেলা ?
কলকাতার পাশাপাশি খারাপ অবস্থা আরও প্রায় ১০টি জেলার। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়ছে হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তিন জেলা মালদা, জলপাইগুড়ি ও দার্জিলিংয়েও করোনার বাড়বাড়ান্ত শুরু হয়েছে।

একনজরে কলকাতার করোনা সংক্রমণ
এদিকে রাজ্যের স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী কলকাতায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১২৭। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৭৯৫। এখনও পর্যন্ত মারা গেছেন ৬৪২ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন। এদিকে খানিক আশার আলো সুস্থতার হারে। এখনও পর্যন্ত করোন সংক্রমণের পর পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি গেছেন ৯৫৭৭ জন। তার মধ্যে হত ২৪ ঘণ্টাতেই ছাড়া পেয়েছেন ৫৫৫ জন।

কলকাতার পরেই করোনার ভয়াবহ সংক্রমণ হাওড়া ও উত্তর ২৪ পরগণায়
এদিকে কলকাতার পরেই সর্বাধিক খারাপ অবস্থা উত্তর ২৪ পরগণা ও হাওড়ার। এখনও পর্যন্ত উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৭৫ জন। হাওড়ায় এই সংখ্যা ৬ হাজার ৬৭। এদিকে উত্তর ২৪ পরণায় একনও অবধি মারা গেছেন ২৫১ জন। হাওড়ার ক্ষেত্রে এই সংখ্যা ১৫৯। যদিও দুই জেলাতেই সুস্থতার হার বেশ সন্তোষজনক।

চিন্তা বাড়াচ্ছে হুগলী ও দুই মেদিনীপুরও
এরপরেই দক্ষিণবঙ্গের করোনা বিধ্বস্ত জেলা গুলির মধ্যে সর্বাধিক খারাপ অবস্থা হুগলী, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও। এই চার জেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২ হাজার ৫২৬, ৩ হাজার ৯৭৫, ১ হাজার ৯৪ ও ৮৪৯। এই চার জেলার মধ্যে এখনও অবধি সর্বাধিক মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগণায়। সেখানে মৃতের সংখ্যা ৬১। হুগলীতে এই সংখ্যা ৫০।

করোনার করাল থাবা গ্রাস করেছে উত্তরবঙ্গকেও
দক্ষিণবঙ্গের পাশাপাশি করোনার করাল থাবা গ্রাস করেছে উত্তরবঙ্গকেও। সেখানে সর্বাধিক চিন্তা বাড়াচ্ছে মালদা, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের করোনা সংক্রমণ। এই তিন জেলার মধ্যে সর্বাধিক করোনা সংক্রমণ দেখা গেছে মালাদাতে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৪১। তারপরেই রয়েছে দার্জিলিং। সেখানে এখনও অবধি করোনা আক্রান্তের সংখ্যা ১৫৩২। পাশাপাশি জলপাইগুড়িতে এখনও অবধি ৯৪৫ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।












Click it and Unblock the Notifications