Odisha Train Accident: রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন! মিথ্যাচারের ওপরে দাঁড়িয়ে কেন্দ্র, বিস্ফোরক অভিষেক
শনিবার নব জোয়ার কর্মসূচির বেশ কিছু স্থগিত রেখে রেল দুর্ঘটনা নিয়ে আক্রমণের লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর সরকারকে বেছে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এত মানুষের মৃত্যুর দায় কেন্দ্রীয় সরকার এড়িয়ে যেতে পারে না। রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী কেউই রেলে ভ্রমণ করেন না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী আটহাজার কোটি টাকার বুলেট প্রুফ বিমান চড়েন। তবে একথা বলেও অভিষেক বলেন, প্রধানমন্ত্রী হিসেবে সেটা তাঁর প্রাপ্য, এনিয়ে তিনি কোনও প্রশ্ন তুলছেন না। তিনি প্রশ্ন করেন, অমিত শাহ, জেপি নাড্ডারা পশ্চিমবঙ্গে যান, তাঁদের কি কোনও দিন ট্রেনে ভ্রমণ করতে দেখেছেন?
ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ বলেন, ২০ হাজার কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন তৈরি করছেন, বুলেট প্রুফ কপ্টারে ঘুরছেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের কথা তিনি ভাবছেন না। তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করে বলেন, কেন অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময়ে অ্যান্টিকলিশন ডিভাইস চালু করেছিলেন। কিন্তু তারপর থেকে রেলের পরিকাঠামোর উন্নতি কতটা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, মিথ্যাচারের ওপরে দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার। বিজেপির সব নেতারেই এই দোষে দুষ্ট বলেও অভিযোগ করেন তিনি।
ওড়িশার ট্রেন দুর্ঘটনার কথা বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রেলের ওপরে ভরসা করে সাধারণ মানুষ ট্রেনে ওঠেন। ওই মৃত্যু মিছিলের দায় রেল ও সরকার এড়িয়ে যেতে পারে না। অ্যান্টি কলিশন ডিভাইস কেন কাজ করল না, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেন অভিষেক। তিনি প্রশ্ন করেন, ভোটের রাজনীতি করতে তড়িঘড়ি সব উদ্বোধন কেন?

তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি নেতাদের বড় বড় গদি এসি লাগে। এই টাকা যদি মানুষের সুরক্ষায় কাজে লাগানো হত, তাহলে আজ এই দিন দেখতে হত না, শনিবারের বিপর্যয় নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের প্রাণ নিয়ে কেন্দ্রীয় সরকার ছিনিমিনি খেলছে বলেও অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি নেতৃত্ব তথা কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে বলেন, তাদের দম্ভ ও ঔদ্ধত্যের জন্য সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। তারা লাশের ওপরে দাঁড়িয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত এদিন তাঁর শ্যামপুরে বড়় জনসভা করার কথা ছিল। এছাড়াও রাতের অধিবেশনও ছিল। কিন্তু ওড়িশায় ট্রেন দুর্ঘটনার কারণে পরবর্তী কর্মসূচিগুলি বাতিল করেন। রবিবার তাঁর ডোমজুড়ে কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications