Madhyamik Result 2024: মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়! বড় হয়ে হতে চায় চিকিৎসক
Madhyamik Result 2024: মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন। কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র সে। মাধ্যমিকে এবার চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর ৬৯৩। প্রায় ৯৯ শতাংশের কাছে। আর এই খবর পৌঁছানো মাত্র আনন্দে মেতে ওঠেন চন্দ্রচুড়ের পরিবার। ছেলেকে জড়িয়ে ধরেন সদস্যরা।
চন্দ্রচূড়ের স্বপ্ন, আগামিদিনে চিকিৎসক হওয়া। আর সে ভাবেই এখন থেকে নিজেকে তৈরি করেছেন। এমনকি সায়েন্স নিয়ে পড়বেন বলেও জানিয়েছেন প্রথম স্থানাধিকারী। এমন ফলাফল (Madhyamik Result 2024) প্রসঙ্গে চন্দ্রচূড় জানান, নিজেকে তৈরি করেছিলাম। এক থেকে পাঁচজনের মধ্যে থাকার আশা করেছিল বাড়ির লোকজন। সেই আশা ব্যর্থ হয়নি।
মাধ্যমিকের ফল ২০২৪ অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in

এই ফলাফলের জন্য বাবা-মা তো বটেই, স্কুল এবং গৃহ শিক্ষকের অবদান ছিল বলে জানান চন্দ্রচূড়। তবে একটানা পড়ার অভ্যাস তেমন ছিল না। বরং ব্রেক লার্নিং মেথডে পড়াশোনা কথা বলেন। তাঁর কথায়, যখন ইচ্ছা হতো পড়াতাম। এছাড়াও আবৃত্তি, গান নিয়েও চর্চা ছিল বলেও সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন চন্দ্রচূড়। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখলেও তাঁর দাবি, মাধ্যমিক চূড়ান্ত নয়, পথ চলবে।
অন্যদিকে মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী হয়েছেন সাম্যপ্রিয় গুরু। পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সে। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় সাম্যপ্রিয়ে প্রাপ্ত নম্বর ৬৯২। চন্দ্রচুড়ের মতোই আগামী দিনে সেও চিকিৎসক হতে চায়। তবে ক্লাস ১০ এর শুরুতে তেমন পড়াশোনা না করলেও পরে অনেকটাই বদলে যায় পরিস্থিতি। পড়াশোনায় বিশেষ মন দেন সাম্যপ্রিয়। একেবারে গভীরে গিয়ে চলে পড়াশোনা। এই ফলাফলে খুশি তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও।
মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করলো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী অরুণিমা চ্যাটার্জী। তার প্রাপ্ত নম্বর ৬৮৫। বৃহস্পতিবার ফল প্রকাশের পর বাঁকুড়া শহরের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে জানায়, এই ফলাফল আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। প্রায় প্রতিটি বিষয়ে গৃহশিক্ষক ছিলেন, এর পাশাপাশি বাড়িতে দৈনিক ৪ ঘন্টা পড়াশুনা করেই এই সাফল্য এসেছে। এই সাফল্য বাবা-মাকে উৎসর্গ করতে চায় ও আগামী দিনে চিকিৎসক হওয়াই তার লক্ষ্য বলে সে জানায়।
বলে রাখা প্রয়োজন, ২০২৪ সালের মাধ্যমিকে বসেছিলেন এবার ৯,২৩,৬৩৬ জন। পরীক্ষার ঠিক ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করা হল বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মোট ৯,১০,৫৯৮ জন পরীক্ষা দিয়েছে, এর মধ্যে ৪,০৩,৯০০ ছাত্র এবং ৫,০৮,৬৯৮ ছাত্রী। পাশ করেছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার অনেক বেশি বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।












Click it and Unblock the Notifications