Coochbehar: এসএসসি বনাম অক্সফোর্ডকাণ্ড, কোচবিহারে পথে নেমে সংঘর্ষে জড়াল বিজেপি-তৃণমূল; মাথা ফাটল ২ জনের
Coochbehar: রণক্ষেত্র কোচবিহার। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল। লন্ডনে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণে বিশৃঙ্খলার প্রতিবাদে পথে নামে তৃণমূল ছাত্র পরিষদ। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধেও প্রতিবাদ জানায় টিএমসিপি। বিজেপি পার্টি অফিসের সামনে পৌঁছতেই হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। ছোড়া হল ইট পাটকেলও। বিক্ষোভকারীদের বাগে আনতে লাঁঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ।
জেলা বিজেপির পার্টি অফিসের সামনে এসএসসি চাকরি বাতিল নিয়ে কর্মসূচি ছিল গেরুয়া শিবিরের। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় গোটা এলাকা। কোচবিহার শহরে বিজেপির পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বিজেপি কর্মীরা ঢিল ছোড়ে বলে অভিযোগ।

এরপর পাল্টা তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে দাবি। ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সংঘর্ষে উভয় পক্ষের কর্মীদেরই মাথা ফাটে বলে অভিযোগ। দ্রুত তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এদিকে এই ঘটনার পরেই কোচবিহার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ করতে যায়। যদিও পুলিশ তাদের হঠিয়ে দেয়।
এই ঘটনায় বিজেপির দিকে সরাসরি অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সায়নদীপ গোস্বামীর। তিনি বলেন, "তুফানগঞ্জের দিকে যাওয়ার সময় বিজেপির কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র, বাটাম, ইট নিয়ে আমাদের উপর হামলা চালায়। বাস ভাঙচুর করে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।"
এদিকে বিজেপিকে পথে নামতে বাধা দেওয়াতেই হামলা চালানো হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের। সংঘর্ষের পর থেকেই থমথমে এলাকা। ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত পুলিশ সুপার জানান, পরিস্থিতির উপর নজরদারি রাখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।












Click it and Unblock the Notifications