Coochbehar: শীতলকুচির ভোটার তালিকায় ৫ বাংলাদেশি! দিয়েছেন ভোটও, কেন রাখা হয়েছে নাম? বিজেপির নিশানায় তৃণমূল
Coochbehar: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এবার কোচবিহারের শীতলকুচিতে বিস্ফোরক অভিযোগ। মমতা বলেছিলেন ভোটার তালিকায় ভিনরাজ্যের বাসিন্দাদের নাম রয়েছে। কিন্তু শীতলকুচিতে দেখা গেল, রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে পাঁচ পাঁচজন বাংলাদেশির।
ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার বাছাই করতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। গোটাটাই হয়েছে নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নির্দেশে। বিজেপির কারচুপি অভিযোগ তুলে ভোটার লিস্টে স্বচ্ছতা আনতে জেলায় জেলায় কমিটি গড়ে দিয়েছেন মমতা। রাজ্যের ভোটার তালিকায় হরিয়ানা, পঞ্জাবের ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মমতা। কিন্তু কোচবিহারে দেখা গেল উল্টো ছবি।

শীতলকুচি ব্লকের নলগ্রামে পাঁচজন বাংলাদেশির নাম ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ। কীভাবে ওই বাসিন্দাদের নাম তালিকায় উঠল? কেনই বা ওই নাম গুলো বাদ দেওয়া হল না? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। এনিয়ে শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন, "এ ধরনের কাজ পশ্চিমবঙ্গে সম্ভব। তৃণমূল কংগ্রেসের মদতেই এইসব হচ্ছে। কী কারণে এমনটা হল, প্রশাসনের কাছে জবাব চাই।"
শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাসের অবশ্য দাবি, "ওই পাঁচজনের নাম আগেই ভোটার তালিকায় ছিল। ভারতের নাগরিক হওয়ার তারা বিগত দিনে ভোটও দিয়েছে। গত কয়েক বছর তারা বাংলাদেশে থেকেছেন। সেখানকার নাগরিকত্ব নিয়েছেন কি না জানা নেই। গোটা বিষয়ে জানার জন্য সংশ্লিষ্ট বুথের বিএলআরও-কে ডেকে পাঠানো হয়েছে।"
ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নলগ্রামে ভোটার তালিকায় থাকা পাঁচজন ব্যক্তির নাম নাজির হোসেন, নাজিরা বিবি, শফিকুল ইসলাম, সোহেল রানা মিয়া ও রাহুল আমিন মিয়া। তবে এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কবির হোসেন মিয়া জানান, "আমি এই পাঁচজন ভোটারকে চিনি। ওরা একসময় এই গ্রামের বাসিন্দা ছিল। পরবর্তীতে তারা বাংলাদেশের বাসিন্দা হন। কিন্তু এখন ভোটার তালিকা ওদের নাম রয়েছে।"
ওই গ্রামের মহাবুল হোসেন নামে এক বাসিন্দা জানান, "ভোটার লিস্টে থাকা শফিকুল ইসলাম আমার কাকা হন। তিনি বাংলাদেশে থাকেন। সেখানকার বাসিন্দা হয়েছেন। এখানে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার কথা স্থানীয় বিএলআরও-কে বলার পরেও নাম থেকেই গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ এই ধরনের বহু ভোটারের নাম তালিকায় রয়েছে।"












Click it and Unblock the Notifications