বৃষ্টি চলছে অঝোর ধারায়, টইটম্বুর শহরের উদ্বেগ বাড়াল আবহাওয়ার পূর্বাভাস
শুক্রবার রাত থেকেই অঝোর ধারায় বৃষ্টি চলছে। অবশেষে শ্রাবণের শেষে এসে নাগাড়ে বর্ষণে নাজেহাল হয়েছে কলকাতা ও শহরতলির বিভিন্ন জেলাও।
শুক্রবার রাত থেকেই অঝোর ধারায় বৃষ্টি চলছে। অবশেষে শ্রাবণের শেষে এসে নাগাড়ে বর্ষণে নাজেহাল হয়েছে কলকাতা ও শহরতলির বিভিন্ন জেলাও। পুরো দক্ষিণবঙ্গই টানা বৃষ্টিতে নাজেহাল। কলকাতার রাস্তা আদতে পরিণত হয়েছে নদীতে। শহরের বিভিন্ন রাস্তায় জমা জলের উপর দিয়েই কোনওরকমে চালু রয়েছে পরিবহন।

৪৮ ঘণ্টা ভারী বর্ষণের পূর্বাভাস
এই অবস্থায় আগামী ৪৮ ঘণ্টা ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের মতে, আর কয়েক ঘণ্টা টানা বৃষ্টি চললেই শহর অচল হয়ে যাবে। সেই আশঙ্কার মধ্যেই পূর্বভাসে এমন ইঙ্গিতও রয়েছে আগামী তিন-চার ঘণ্টা ভারী বৃষ্টি হতে পারে।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জোড়াফলায় সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা। তারই ফলে টানা বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবারের বৃষ্টিতেই কলকাতার বিভিন্ন এলাকা জল জমে ছিল। শনিবার অবিরাম শ্রাবণধারায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে।

হাঁটুজল কলকাতার রাস্তায়
ঠনঠনিয়া, তারাতলা, খিদিরপুরে টইটম্বুর রাস্তাঘাট। ভিক্টোরিয়া, রিজেন্ট পার্ক-সহ শহরের অন্যপ্রান্তও নাজেহাল। সার্দান অ্যাভিনিউয়ে গাছ পড়ে বিপত্তি বাধে, সেন্ট্রাল অ্যাভিনিউও জলমগ্ন। জলের তলায় বেহারা বিস্তীর্ণ অঞ্চল। মোট কথা তুমুল বৃষ্টিতে গোচটা শহরই বেহাল। হাঁটুজল কলকাতার রাস্তায়।

টানা বৃষ্টিতে জেরবার
জল জমেছে হাওড়ার পুরসভা এলাকার বিভিন্ন জায়গাতেও। প্রায় ২০টি ওয়ার্ড জলের তলায় চলে গিয়েছে। বৃষ্টি হয়ে চলায় পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাচ্ছে। পুরসভার তরফে নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাও টানা বৃষ্টিতে জেরবার।

আকাশের দিকে তাকিয়ে সবাই
এদিকে বিমান পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। দমদম বিমানবন্দরে ওঠানামায় সমস্যা হচ্ছে। নির্ধারিত সময়ে নামতে পারেনি বিমান। কলকাতা থেকে উড়ানেও দেরি হচ্ছে। এই পরিস্থিতিতে আকাশের দিকে তাকিয়ে সবাই। কখন বৃষ্টি থামবে, একটু স্বাভাবিক হবে অবস্থা।












Click it and Unblock the Notifications