বাংলাতেও ভারত জোড়ো যাত্রা! সাগর থেকে পাহাড়কে এক সূত্রে গাঁথার অঙ্গীকার কংগ্রেসের
বাংলাতেও ভারত জোড়ো যাত্রা! সাগর থেকে পাহাড়কে এক সূত্রে গাঁথার অঙ্গীকার কংগ্রেসের
রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে আটটি রাজ্য পেরিয়ে পৌঁছে গিয়েছে দিল্লিতে। কাশ্মীরে তা শেষ হবে। রাহুলের এই ভারত পরিক্রমার মধ্যেই প্রদেশ কংগ্রেসের তরফে এল নয়া ঘোষণা। এবার ভারত জোড়ো যাত্রা শুরু হতে চলেছে বাংলাতেও।

কপিল মুনির আশ্রম থেকে ভারত জোড়ো যাত্রা
বাংলায় ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত জোড়ো যাত্রা। সেই ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন রাহুল গান্ধীও। অধীর চৌধুরী ঘোষণা করেন, কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ২৮ ডিসেম্বর গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম থেকে কার্শিয়াং পর্যন্ত যাত্রায় সূচনা হবে।

সাগর থেকে পাহাড়কে জুড়বে ভারত জোড়ো যাত্রা
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে এই পদযাত্রা শুরু হতে চলেছে। এই পদযাত্রাটি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলার উপর গিয়ে যাবে। সাগর থেকে পাহাড়কে জুড়বে এই ভারত জোড়ো যাত্রা।

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস থেকে যাত্রার সূচনা
গঙ্গাসাগর থেকে কার্শিয়ং পর্যন্ত এই পদযাত্রায় মোট ৮০০ কিলোমিটার দীর্ঘ যাত্রা ৫৫ দিনে শেষ হবে। রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান এই কথা। এদিনই কংগ্রেসের এই পদযাত্রার পোস্টার প্রকাশিত হয়। অধীর চৌধুরী কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস থেকে এই যাত্রার সূচনা করবেন।

দিনের এই যাত্রায় রাহুল গান্ধীও অংশ নেবেন!
প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে ৫৫ দিনের এই যাত্রায় রাহুল গান্ধীও অংশ নিতে পারেন। রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের কেন্দ্রীয় নেতারাও এই পদযাত্রায় অংশ নেবেন। রাজ্যের সিনিয়র নেতারাও হাঁটবেন পদযাত্রায়। এই যাত্রার উদ্দেশ্যও ভারত জোড়ো যাত্রার মতো বিদ্বেষ-বিভাজনের রাজনীতিকে নিঃশেষ করে সৌভ্রাতৃত্বের বন্ধন দৃঢ়় করা। সংহতি ও সম্প্রীতি বজায় রেখেই এই ভারত জোড়ো যাত্রা অনুষ্ঠিত হবে।

ভারত জোড়ো যাত্রার সূচনা বাংলাতেও
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, এটি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অংশ। রাহুলজি জানিয়েছেন, এটি কোনও দলের যাত্রা নয়, এটি সমগ্র ভারতের যাত্রা। তাই এ যাত্রা আমরা শুরু করছি বাংলাতেও। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ বিপণ্ণ। বাংলা আজ দুর্নীতি পরায়ণ হয়ে গিয়েছে। অপরাধীরা উচ্চৈস্বরে কথা বলছে। তাই এই ভারত জোড়ো যাত্রার সূচনা বাংলাতেও।

পশ্চিম থেকে পূর্বও ভারত জোড়ো যাত্রা হবে
উল্লেখ্য রাহুল গান্ধী ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা করেছিলেন। ৩৫০০ কিলোমিটার পথ পরিক্রমা করবেন রাহুল গান্ধী। ১২টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল পেরিয়ে ভারত জোড়ো যাত্রা শেষ হবে কাশ্মীরে। ১৫০ দিনের এই যাত্রা ইতিমধ্যেই ১০৭ দিনে পড়েছে। যাত্রার সূচনার দিনই রাহুল গান্ধী ঘোষণা করেন, প্রতিটি রাজ্য পৃথকভাবে ভারত জোড়ো যাত্রা করবে। ভবিষ্যতে পশ্চিম থেকে পূর্বও ভারত জোড়ো যাত্রা হবে। বর্তমানে দক্ষিণ থেকে উত্তর ভারত পরিক্রমা করছেন রাহুল।












Click it and Unblock the Notifications