হঠাৎ আশঙ্কাজনক প্রিয়রঞ্জন কেবিন থেকে আইসিইউ-তে, কেমন আছেন তিনি
হঠাৎই প্রিয়রঞ্জন দাশমুন্সির গুরুতর অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তাঁর পরিবার সূত্রেই জানা গিয়েছে, প্রিয়রঞ্জনের শারীরিক অবস্থা আদৌ ভালো নয়।
ন-বছর ধরে হাসপাতালের বিজন কক্ষে একাকী কেটেছে তাঁর। কিন্তু এতদিনেও কোমাচ্ছন্ন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির শারীরিক অবস্থার এতটুকু পরিবর্তন হয়নি। শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। সাড় বলতে এটুকুই। সেই প্রিয়রঞ্জন দাশমুন্সির শারীরিক অবস্থা এখন আরও খারাপের দিকে। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই কারণেই কেবিন থেকে তাঁকে ফের আইসিইউকে ভর্তি করা হয়েছে।

হঠাৎই প্রিয়রঞ্জন দাশমুন্সির গুরুতর অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তাঁর পরিবার সূত্রেই জানা গিয়েছে, প্রিয়রঞ্জনের শারীরিক অবস্থা আদৌ ভালো নয়। তাঁর চেষ্ট ইনফেকশন ধরা পড়েছে। সেই কারণেই নতুন করে মেডিকেল বোর্ড গড়ে ফের চিকিৎসা শুরু হয়েছে তাঁর। তাঁকে ২৪ ঘণ্টাই পর্যবেক্ষণে রাখা হয়েছে।
২০০৮ সালের ১০ অক্টোবর তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। কিন্তু তিনি কোমাচ্ছন্ন অবস্থা থেকে আর ফিরে আসতে পারেননি। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় দিল্লিরই ইন্দ্রপ্রস্থ নার্সিংহোমে। ওই নার্সিংহোমের সাত তলার ২৬০৫ বি কেবিন তাঁরা বিগত ন-বছরের ঠিকানা।
চিকিৎসকরা সমস্তরকম চেষ্টা করেছিলেন তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটানোর। কিন্তু কোনও কিছুতেই সাড়া দেননি প্রিয়রঞ্জন। তাঁকে রবীন্দ্রসঙ্গীত শোনানো হত, টিভিতে ফুটবল খেলা দেখানো হত, রাজনৈতিক ব্যক্তিত্বের ভাষণ শোনানো হত। তবু নিঃসাড় রয়ে গিয়েছেন তিনি। শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন।
এদিন প্রিয়রঞ্জন দাশমুন্সির দাদা অসীম দাশমুন্সি জানান, বুকে সংক্রমণের জেরে প্রিয়-র অবস্থা সংকটজনক। সেই কারণেই তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও, সংকট পুরোপুরি কাটেনি বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। প্রিয়-জায়া দীপা দাশমুন্সি দিল্লিতেই রয়েছেন স্বামীর কাছে। প্রিয়বাবুর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ঘনিষ্ঠমহলে। কংগ্রেস নেতৃত্বও এই খবর পাওয়ার পর উদ্বেগে। রায়গঞ্জ কংগ্রেসের তরফে দিল্লি যাওয়ারও পরিকল্পনা করা হয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে যোগাযোগ রাখা হচ্ছে সর্বদা।












Click it and Unblock the Notifications