তৃণমূল ছাড়া ইন্ডিয়া জোট! কংগ্রেস নেতার আশ্চর্য ব্যাখ্যায় জল্পনা রাজ্য রাজনীতিতে
তৃণমূল ছাড়া ইন্ডিয়া জোটের উজ্জ্বল ভবিষ্যৎ। আর তৃণমূলকে নিলে ইন্ডিয়া জোট সর্বনাশ। কেন্দ্রীয় নেতারা যখন ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, সেখানে প্রদেশ কংগ্রেসের নেতা কৌস্তুভ বাগচির কন্ঠে শোনা গেল এমনই ভিন্ন সুর। প্রবল তৃণমূল বিরোধী এই নেতা সওয়াল করলেন তৃণমূলকে বাদ দিয়ে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে।
শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি বলেন, রাজ্য নেতৃত্বকে উপেক্ষা মানা যাবে না। এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করা হবে। এদিন শিলিগুড়িতে অল বেঙ্গল কংগ্রেস ল'ইয়ার্স কনফারেন্সের আয়োজন হয়। সেখানে যোগ দেন অধীর চৌধুরী, সলমন খুরশিদ, শংকর মালাকার-সহ অন্যান্যরাও।

সেই অনুষ্ঠানে যোগ দিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে একহাত নিয়ে কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি বলেন, রাজ্যে দুর্নীতি ইকো সিস্টেমে পরিণত হয়েছে। কোথাও বাকি নেই। পুরসভা, পঞ্চায়েত, অভিনেতা সবাই। এটা অবাক করার বিষয় নয়! সব পুরসভায় দুর্নীতি লুকিয়ে আছে। যে পুরসভায় দুর্নীতি পাওয়া যাবে না সেটাই অবাক করার বিষয়।
তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "তৃণমূল ইন্ডিয়া জোটকে আঁকড়ে ধরে খড়কুটোর মতো বাঁচতে চাইছে। পশ্চিমবঙ্গে যারা তৃণমূল বিরোধী, তারা তৃণমূল নিয়ে ইন্ডিয়া জোটকে সমর্থন করবে না। তবে তৃণমূল ছাড়া ইন্ডিয়া জোটকে সমর্থন করবে। তৃণমূল ছাড়া ইন্ডিয়া জোটের উজ্জ্বল ভবিষ্যৎ।
কৌস্তুভের কথায়, তৃণমূল নিয়ে ইন্ডিয়া জোট সর্বনাশ। কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। কংগ্রেস অসৎ সঙ্গে গিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবে না, এটাই বিশ্বাস করি। পাশাপাশি তিনি আরও জানান, রাজ্যের কংগ্রেস নেতৃত্বরা উপেক্ষিত হবে না। সেই দিকটিও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই সেই দিকটি গুরুত্ব সহকারে দেখবে। কারণ নিশ্চয়ই নিজের পায়ে কুড়ুল মাড়বে না কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন কেন্দ্রীয় নেতৃত্বের এহেন সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস নেতা। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতার সামনেই তিনি এ কথা বলেন।
এদিনের অনুষ্ঠানে ইন্ডিয়া জোট নিয়ে প্রবীণ নেতারা আশা ব্যক্ত করে জানান, "বাচ্চা জন্ম নেওয়ার পর যেমন কখনও পড়ে যায়, কখনও হাসে কখনও কাঁদে। এভাবে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বুঝতে শেখে, তাকে কীভাবে বেঁচে থাকতে হয়। বড় হয়ে নতুন ভাবে বেঁচে থাকার রসদ খুঁজে নেয়। তেমনি ইন্ডিয়া জোটকে বেড়ে ওঠার জন্য সময় দিতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, চিন্তার কোনও বিষয় নেই।"












Click it and Unblock the Notifications