চূড়ান্ত হল জোট! দুটি আসন কংগ্রেসকে ছেড়ে বাংলায় একটি আসনে বামেরা লড়বে উপনির্বাচনে
অবশেষে কংগ্রেস-সিপিএম তথা বামফ্রন্টের আসন সমঝোতা চূড়ান্ত হল। লোকসভা নির্বাচন থেক শিক্ষা নিয়ে কংগ্রেস-সিপিএম এক জোট হয়ে লড়ার সিদ্ধান্ত নিল আসন্ন উপনির্বাচনে।
অবশেষে কংগ্রেস-সিপিএম তথা বামফ্রন্টের আসন সমঝোতা চূড়ান্ত হল। লোকসভা নির্বাচনের হার থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস-সিপিএম এক জোট হয়ে লড়ার সিদ্ধান্ত নিল আসন্ন উপনির্বাচনে। রাজ্যের তিনটি কেন্দ্রের উপনির্বাচনে এবার কংগ্রেস-সিপিএম তথা বামফ্রন্ট সমঝোতা করে লড়বে। এই সমঝোতায় স্থির হল কংগ্রেসকে দুটি আসন ছেড়ে একটিতে প্রার্থী দেবে বামফ্রন্ট।

জোট ও আসন ভাগাভাগি কংগ্রেস ও বামের
উপনির্বাচন ঘোষণার আগে থেকেই জোট ও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে কংগ্রেস ও বাম শিবিরের মধ্যে। সেই সমঝোতা চূড়ান্ত হল এতদিনে। প্রদেশ কংগ্রেস ভাপপতি সোমেন মিত্রের চিঠির পর গুরুত্ব দিয়ে জোট আলোচনা সারে সিপিএম। আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসেন বিমান বসু-সূর্যকান্ত মিশ্ররা। তারপরই সোমেন মিত্রকে জানিয়ে দেওয়া হয় আসনরফার সূত্র।

আসন সমঝোতা হল যে অঙ্কে
ঠিক হয়, তিনটি কেন্দ্রের মধ্যে দুটিতে প্রার্থী দেবে কংগ্রেস। একটিতে প্রার্থী দেবে বামফ্রন্ট। কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রার্থী দেবে কংগ্রেস। আর করিমপুরে প্রার্থী দেবে বামফ্রন্ট। আলিমুদ্দিন স্ট্রিটের তরফে জানিয়ে দেওয়া হয়, ৩০ ও ৩১ অক্টোবর দুদিনের বামফ্রন্টের বৈঠকে চূড়ান্ত হবে প্রার্থীর নাম।

বিজেপি ও তৃণমূলকে রুখতে জোটই পথ
বামফ্রন্ট ও কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, একমাত্র জোট করে লড়াই করলেই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। বিজেপি ও তৃণমূলকে রুখতে হবে জোটবদ্ধ হয়েই। লোকসভায় রায়গঞ্জের মতো হাল যাতে অন্যত্র না হয়, সেটা দেখাই উচিত। উভয়েই মনে করে নিজেরা সমঝোতায় আসতে পারেননি বলেই রায়গঞ্জ আসনটি খোয়াতে হয়েছে বিজেপির কাছে।

কালবিলম্ব না করে জোটে
উল্লেখ্য, এবার লোকসভায় কংগ্রেস কোনওরকমে মান বাঁচাতে পারলেও সিপিএমের ভরাডুবি হয়েছে। একটি আসনও পায়নি সিপিএম তথা বামফ্রন্ট। নিজেদের দখলে থাকা দুটি আসনও এবার খোয়াতে হয়েছে বামফ্রন্টকে। তাই বামফ্রন্ট আর কালবিম্ব না করে কংগ্রেসের জোটপ্রস্তাব মেনে ভোটে লড়ার সিদ্ধান্ত নিল। আগামী ২৫ নভেম্বর তিন কেন্দ্রে উপনির্বাচন। ২৮ নভেম্বর ভোটের ফলপ্রকাশ হবে।












Click it and Unblock the Notifications