আরও এক বিধায়ক যোগ দিচ্ছেন তৃণমূলে! কংগ্রেসে ফের ভাঙনের জল্পনা পঞ্চায়েতের আগেই
সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পোড়িয়ালের উপস্থিতিই জল্পনার পারদ চড়িয়ে দেয়।
রাজ্য রাজনীতি ফের উত্তাল বিরোধী শিবিরে ভাঙন সম্ভাবনায়। আরও এক বিধায়ক যোগ দিতে পারেন শাসক শিবিরে। সম্প্রতি বিধায়কের গতিবিধিতে রাজনৈতিক মহলে প্রবলভাবেই দেখা দিয়েছে সেই সম্ভাবনা। তা না হলে হঠাৎ করে তিনি কেন যাবেন রাজ্য সরকারের প্রশাসনিক বৈঠকে। সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পোড়িয়ালের উপস্থিতিই জল্পনার পারদ চড়িয়ে দেয়।

সম্প্রতি বিশ্বনাথ পড়িয়ালকে নিয়ে বেশ কয়েকবারই চাপান-উতোর শোনা গিয়েছে। এমনকী একুশের মঞ্চে তিনি যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে, এমনও শোনা গিয়েছিল। কিন্তু কোনও কংগ্রেস বা বাম বিধায়কই সেদিন যোগ দেননি তৃণমূলে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আবার তাঁর তৃণমূলে ফেরা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে দুর্গাপুর পুরসভা নির্বাচনের সময় থেকেই তাঁর তৃণমূল ঘনিষ্ঠতা ফের বেড়ে যায়। তারই ফলস্বরূপ এই দলবদলের জল্পনা।
তারপর এদিন সটান প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে তিনি প্রথম সারিতে বসেন। তা দেখেই রাজনৈতিক মহল চর্চা শুরু হয় বিশ্বনাথ পোড়িয়ালকে নিয়ে। তবে এ ব্যাপারে তিনি নিজে বা শাসকপক্ষ কারও তরফে কোনও দাবি করা হয়নি। উল্লেখ্য, নিজের রাজনৈতিক গুরু অপূর্ব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে তিনি তৃণমূল ছেড়েছিলেন। তারপর কংগ্রেসে ফিরে বাম-কংগ্রেস জোটের বিধায়কও হয়ে যান তিনি। আর এই লড়াইয়ে তিনি হারান গুরু অপূর্ব মুখোপাধ্যায়কে।
বিশ্বনাথ পোড়িয়াল দল ছাড়ার পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। দূরত্ব বেড়েছিল তৃণমূলের সঙ্গে। পরে অবশ্য সেই দূরত্ব ঘুচে যায় দুর্গাপুর পুরসভা নির্বাচনের সময়। তাঁর স্ত্রী এবং অনুগামীরাও তৃণমূল প্রার্থী হন। ফলস্বরূপ তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা চলতে থাকে।
তবে গতবার মুখ্যমন্ত্রীর সভায় তাঁর অনুপস্থিতি আবার সেই জল্পনায় ডল ঢেলে দেয়। এবার একেবারে প্রশাসনিক বৈঠকে হাজির তিনি। একেবারে প্রথম সারিতে বসে নিজের উপস্থিতির জানান দেন কংগ্রেস বিধায়ক। আর তা নিয়েই দিনভর চর্চা। বিরোধী দল কংগ্রেসের বিধানসভায় শক্তিক্ষয় স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications