মমতার জন্যই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে! লোকসভা ভোটের আগে তৃণমূলের 'ভয়' নিয়ে কটাক্ষ দিলীপের
শুধু গার্ডেনরিচ নয়, কলকাতার অনেত জায়গায় এমন কী আশপাশের জেলাতেও পুকুর বুজিয়ে বেআইনিভাবে বাড়ি তৈরি করা হয়েছে। তৃণমূল সরকার এইভাবে দলের নেতানেত্রী করে খাওয়ার বন্দোবস্ত করে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
গার্ডেনরিচ জুড়ে মৃত্যুফাঁদ, আজহার মোল্লা বাগানে ২ বহুতলের মাঝে প্রায় ৫ ফুটের মধ্যেই আরেক বহুতল। এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ, দেখেও দেখে না পুরসভা। এই অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শুধু গার্ডেনরিচ নয়। গার্ডেনরিচের ঘটনা ঘটেছে বলে সবার দৃষ্টি গেছে কলকাতায় এবং কলকাতার আশেপাশে জেলা শহরে।

আজকাল একই রকম ভাবে পুকুর বোজানো ও বেআইনিভাবে বাড়ি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। অনুমতি না নেওয়া, তারপরে এই ধরনের ঘটনা যেখান সেখানে ছোটখাটো ঘটেছে। তবে গার্ডেনরিচের ঘটনা বড় হয়ে গিয়েছে। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ জুড়ে যে রাজ চলছে, তাতে পরিণাম আরও দুর্ঘটনা ও আরও প্রাণহানি। সরকার সব জানলেও দায় নিতে রাজি নয় বলে কটাক্ষ করেছেন তিনি।
গার্ডেনরিচে তৃণমূলেরই বোরো চেয়ারম্যান স্বীকার করে নিয়েছেন, ১০০টা নির্মাণের মধ্যে ১০টা অবৈধ। এই স্বীকারোক্তি সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, সবাই সব জানলেও কেউ বলতো না। এখন ওদের পার্টির লোকরা বলতে বাধ্য হচ্ছে। কারণ এরকম ঘটনা ঘটলে তাঁদেরই মার খেতে হবে।
কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের পর এবার বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সল্টলেকে বেআইনি নির্মাণের রমরমা নিয়ে অভিযোগ করেছেন সব্যসাচী। তাঁর অভিযোগ পুরমন্ত্রী ও সল্টলেকের মেয়রকে জানিয়েও লাভ হয়নি। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এই সরকারের এটাই নীতি হয়ে গেছে। তারা পার্টির নেতা-নেত্রীদের করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে।
সব কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ। এমনটা মনে করেন না উদয়ন গুহ। কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভোট হয় না, বলেছেন তিনি। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই ভোট হয় এবং যা গণ্ডগোল হয়েছে, তার দায়ও ওনার। সেই জন্য এই প্রমোটিংরাজ থেকে শুরু করে খুন খারাপি, শাহজাহান রাজ, সবের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার জন্যই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
মঙ্গলবার রাতে দিনহাটায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন। এব্যাপারে চ্যালেঞ্জ করে উদয়ন গুহ বলেছেন, দোষ প্রমাণ হলে মন্ত্রিত্ব এমনকি রাজনীতি ছেড়ে দেবেন। বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, একজন মন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করছে, এটা কোন সভ্য জগতে হয়। তারপরেও তিনি প্রমাণের কথা বলছেন। ওনাদের মহিলারা গিয়ে সন্দেশখালিতে মহিলাদের ওপর ধর্ষণের প্রমাণ দাও, খুন-খারাপির প্রমাণ দাও, বলছেন। এই প্রমাণ তো সরকারের করার কথা, বলেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications