"খুব তাড়াতাড়ি দেশে আমরাই সংখ্যাগুরু হব!" মন্তব্যের জেরে ফের বিতর্কের কেন্দ্রে ফিরহাদ
একাধিকবার নিজের বিভিন্ন মন্তব্যের জন্য বিতর্ক এবং চর্চার কেন্দ্রে এসেছেন কলকাতার মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফের এক মন্তব্যের জেরে বিতর্ক সৃষ্টি করলেন ববি। মাইনরিটি মোর্চার ছাত্র-ছাত্রীদের আয়োজিত এক অনুষ্ঠানে এসে আরও একবার সাম্প্রদায়িক মন্তব্য করতে শোনা যায় ফিরহাদকে। আর যার ফলে তুমুল শোরগোল সৃষ্টি হল।
ঠিক কী বলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম? ছাত্র-ছাত্রীদের উদ্দেশে ফিরহাদ বলেন, বাংলায় আমরা ৩৪ শতাংশ আর গোটা ভারতে ১৭ শতাংশ। তাই কোনভাবেই আমাদের সংখ্যালঘু বলা যাবে না।

ফিরহাদ বলেন, 'আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না। সর্বশক্তিমান চাইলে সেই দিন বেশি দূরে নেই যখন সারা দেশে আমরাই সংখ্যাগুরু হব।' পাশাপাশি, সর্বশক্তিমান পাশে থাকলে যে কোনও কাজেই তাঁরা এগিয়ে যেতে পারবেন, এমনকি গোটা বিশ্বে সর্বশ্রেষ্ঠ সম্প্রদায় হিসেবে তাঁরা উন্নীত হবেন বলেও আশা প্রকাশ করেছেন ফিরহাদ। সেই সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, এর আগেও সংখ্যালঘু প্রসঙ্গে একাধিক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ফিরহাদ হাকিম। কলকাতায় বাংলা নয় উর্দু ভাষায় বেশি কথা বলা হবে, এবং বাংলায় সংখ্যালঘুরা রাজ করবেন বলে মন্তব্য করতে শোনা যায় ফিরহাদকে। তাঁর এমন মন্তব্যর পরিপ্রেক্ষিতে ফিরহাদের বিরুদ্ধে সনাতন বিরোধী বলেও অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বাংলায় বিভাজন করতে চাইছেন বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে এদিন ফিরহাদের মন্তব্যে আরো একবার বিতর্ক উঠল তুঙ্গে, তা বলা বাহুল্য।












Click it and Unblock the Notifications