ঘূর্ণাবর্ত কাটলেই বঙ্গে ফিরবে শীতের আমেজ

কালী পুজোর আগে-আগেই বাতাসে শিরশিরে ভাব অনুভব করা যাচ্ছিল। বিশেষত ভোরের দিকে। সকালের মিঠে রোদও বেশ গায়ে লাগছিল। কিন্তু গত দুই-তিনদিন ধরে সেই রেশ উধাও। গতকাল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে আকাশ ছিল মেঘে ঢাকা। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আকাশে মেঘ ঘোরাঘুরি করলেও এখন ঝেঁপে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় তারা শীতের বাতাসকে ঠেলে আটকে রেখেছে। রবিবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, সেখানে তা দাঁড়ায় ২৩.৫ ডিগ্রিতে।
হাওয়া অফিসের দাবি, আকাশ মেঘলা থাকলে দিনের তাপমাত্রা বাড়বে না। ফলে দিন-রাতের তাপমাত্রায় ফারাক বেশি হবে না। শীত পড়ার ক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রার তফাত থাকা জরুরি।
তবে চিন্তার কিছু নেই। এই ঘূর্ণাবর্ত খুব বেশি হলে আরও দিন তিনেক স্থায়ী হবে। তার পর তা সরতে শুরু করবে। এর ফলে ক্রমশ শীতের আমেজ অনুভূত হবে। নভেম্বর পড়ার সঙ্গে সঙ্গে রাতের দিকে গায়ে পাতলা চাদর চড়াতে হবে। আবহাওয়াবিদদের পরামর্শ, এই ফাঁকে শীতের হালকা জামাকাপড় বরং বের করে রাখুন!












Click it and Unblock the Notifications