মাঘের শুরুতেই ফের জাঁকিয়ে শীত! কবে কমবে ঠান্ডা? জেনে নিন আবহাওয়ার আপডেট
মাঘের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্যে আবারও শীতের আমেজ। কয়েকদিনের বিরতির পর ঠান্ডা ফের দাপট দেখাতে শুরু করেছে। যদিও দক্ষিণবঙ্গে শীতের চোট কিছুটা কমেছে, তবুও আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে এখনই শীত বিদায় নয়। বরং মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা বজায় থাকার সম্ভাবনাই বেশি।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশা থাকবে ব্যাপক। বিশেষত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা নেমে যেতে পারে প্রায় ৫০ মিটার পর্যন্ত। সেক্ষেত্রে জারি হয়েছে 'হলুদ সতর্কতা'।

দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনও তারতম্য নেই। বঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ও সর্বোচ্চ থাকবে ২৪ ডিগ্রি। অন্যদিকে সোমবার থেকে তাপমাত্রায় সামান্য ওঠানামা দেখা গেলেও তা শীত কমার ইঙ্গিত দিচ্ছে না। সোমবার কলকাতায় সর্বনিম্ন ছিল ১২ ডিগ্রি, মঙ্গলবার ১৩.৩ ডিগ্রি, আজও সেই ধারাই বজায় থাকতে পারে।
শীত বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে বিশেষত উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে কুয়াশার সতর্কতা জারি রয়েছে। উত্তরের জেলাগুলিতেও বজায় থাকবে ঠান্ডা।
সব মিলিয়ে রাজ্যে এখন শীতই প্রধান, তার সঙ্গে কুয়াশার আঁচ। তবে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়া নিয়েই কেটে যাবে চলতি সপ্তাহ।












Click it and Unblock the Notifications