Mamata Banerjee: সুপ্রিম কোর্টে শুনানির আগে শেষ চেষ্টা, লাভবান হবেন জুনিয়র চিকিৎসকরা, আশ্বাস মমতার
Mamata Banerjee: আজ বিকেল পাঁচটায় আরজি কর কাণ্ডে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে ফের বৈঠকে বসতে রাজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকরা এখনও অবস্থান স্পষ্ট করেননি।
এরই মধ্যে মুখ্যমন্ত্রীর আশ্বাস, সুপ্রিম কোর্টে শুনানির আগে শেষ চেষ্টায় এই বৈঠক, যাতে লাভবানই হবেন জুনিয়র চিকিৎসকরা।

মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকের পরিস্থিতি তৈরি হলেও বাস্তবে ভেস্তে গিয়েছে। কখনও শর্ত, পাল্টা শর্তে কাটেনি জট। প্রথম দুটি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাঁদের অপেক্ষায় ছিলেন, তা রাজ্য সরকারের তরফে জানানো হয়নি বলে জানান জুনিয়র চিকিৎসকরা।
এরপর লাইভ স্ট্রিমিং, ভিডিওগ্রাফির মতো বিষয়গুলি নিয়ে জটিলতায় হয়নি বৈঠক। আজও এই দুটি বৈঠকে থাকবে না বলে জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের কাছে মুখ্য সচিব মনোজ পন্থের পাঠানো মেলে। বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করে দুই পক্ষের স্বাক্ষর-সহ উভয় পক্ষের কাছে তা থাকবে বলে আশ্বাস মিলেছে।
জুনিয়র চিকিৎসকরা এদিনের বৈঠকের আহ্বান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। তারই মধ্যে একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, কাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগে সকলে মিলে শেষ চেষ্টা করা যাক। এমনিতে পঞ্চমবার বৈঠকের আহ্বান। তবে আমি চিকিৎসকদের ধর্নামঞ্চে গিয়েছিলাম।
মমতা বলেন, ছোটদের উদ্দেশে বলব সকলেই আসুন। জুনিয়র চিকিৎসকদের লাভই হবে। বৈঠক হলে শান্তি ফিরবে। বাংলায় একদিকে বন্যা পরিস্থিতি। অনেকে চিকিৎসা পাচ্ছেন না। আসুন সকলে মিলে সমস্যার সমাধানের চেষ্টা করি। সকলেরই সেই চেষ্টা করা উচিত। আমরা চেষ্টার ত্রুটি রাখব না।
চিকিৎসকদের দাবি মেনে কী সব সমস্যার সমাধান সম্ভব? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কিছুটা তো নিশ্চয়ই সম্ভব। তিলোত্তমার বিচার হোক, আমরাও চাই। আমরাও বিষয়টি নিয়ে কনসার্ন। তবে এটাও চাইব, চিকিৎসকরা সুস্থ স্বাভাবিকভাবে কাজে ফিরুন। তাঁদের আবেদনও জানিয়েছি। ই-মেল পাঠানো হয়েছে।
নবান্নে না হয়ে কেন কালীঘাটের বাসভবনেই বৈঠক? মমতার কথায়, আজ নবী দিবসের ছুটি। সকলেই ছুটি থাকলে অফিসে থাকেন না। যদিও আজ তা হয়নি। সকলেই বন্যা নিয়ে ব্যস্ত। আমি যেখানে থাকি সেটাও মুখ্যমন্ত্রীর অফিস। দু-পক্ষের চেষ্টা থাকলেই সমস্যা সমাধানের পথ বেরোয়। ওয়ান সাইডেড কিছু হয় না। বোথ সাইডেড হওয়া দরকার।
মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতিতে পড়া দুর্গতদের প্রতি বার্তা দিয়ে বলেন, সরকার আপনাদের পাশে রয়েছে। বিপদে যে কোনওরকম সাহায্যে প্রস্তুত।












Click it and Unblock the Notifications