বিজেপি লোকসভায় কত কম আসন পাবে? সমীক্ষা করে আগেভাগে জানিয়ে রাখলেন মমতা
কেন্দ্রে বিজেপি যে আর কোনওভাবেই ক্ষমতায় ফিরতে পারবে না তাও দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের শেষ প্রচারে এসে এদিন একদিকে যেমন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে চূড়ান্ত আক্রমণ করলেন, তেমনই পাশাপাশি কেন্দ্রে বিজেপি যে আর কোনওভাবেই ক্ষমতায় ফিরতে পারবে না তাও স্পষ্ট ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বলা যায় মমতা সপ্তম দফা শেষের আগেই বিজেপির এক্সিট পোল করে দিলেন।

মোদীর দাবি
এদিন উত্তরপ্রদেশের জনসভা থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দাবি করেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পেছনে রয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী। বিজেপির কেন্দ্র সরকার যে স্থানে মূর্তি ভাঙ্গা হয়েছিল, সেখানে একটি নতুন পঞ্চ ধাতুর মূর্তি স্থাপন করবে। একই সঙ্গে মোদী দাবি করেন, বিদ্যাসাগরের আদর্শ নিয়েই তাঁরা পথ চলছেন। যা শুনে তীব্র ভাষায় বিজেপি ও নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীকে কটাক্ষ
বাংলার গর্ব বিদ্যাসাগর। তাঁর মূর্তি টাকা দিয়ে ফিরিয়ে দিলেও ঐতিহ্য কি মোদী সরকার ফিরিয়ে দিতে পারবে? প্রশ্ন তুলেছেন তিনি। বাংলা কোনওভাবেই কেন্দ্রের দান নেবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, এদিন মথুরাপুর থেকে মমতা বন্দোপাধ্যায় কার্যত বিজেপি লোকসভা ভোটে কত আসন পাবে তার এক্সিট পোল করে দিয়েছেন। বিজেপি যে সংখ্যাগরিষ্ঠতা পাবে না তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশে গোঁত্তা
মমতা বলেছেন, উত্তরপ্রদেশে ২০১৪ সালে বিজেপি ৭৩টি আসন পেয়েছিল। আর এবার পাবে মাত্র ১৭টি। কারণ মায়াবতী ও অখিলেশ বিজেপিকে গোঁত্তা দিয়ে দিয়েছেন। এদিকে রাজস্থান ও মধ্যপ্রদেশে কংগ্রেস অনেক বেশি আসন পাবে বলে তৃণমূল নেত্রী দাবি করেছেন।

বাংলায় রাজ তৃণমূলের
বাংলায় রয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে এখানে কংগ্রেসের থেকে তাঁরা শক্তিশালী। বাংলা তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে বলে জানিয়েছেন মমতা। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে বিজেপি একটি আসনও পাবে না বলে মমতা দাবি করেছেন।

মোদী হেরে গিয়েছেন
মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে বিজেপিকে মাত্র ২০টি আসন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সব রাজ্যে কমতে কমতে বিজেপির আসন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে নরেন্দ্র মোদী ইতিমধ্যে হেরে গিয়েছেন। তাঁর বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে বলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন।












Click it and Unblock the Notifications