নির্বাচন কমিশনকে টর্চার কমিশন বলে কটাক্ষ মমতার, চূড়ান্ত ভোটার তালিকায় বহু নাম বাদ পড়ার আশঙ্কা

ফের নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে 'টর্চার কমিশন' বলেই ডাকতে চাই। এরা তুঘলক আর হিটলারের মতো আচরণ করছে।

মমতা বলেন, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, জনগণই তো সরকার নির্বাচন করে, তাই না? নাকি এই তুঘলকি কমিশন ঠিক করে দেবে কারা সরকার গড়বে? তিনি (মুখ্য নির্বাচন কমিশনার) একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যের মতো আচরণ করছেন এবং নির্বাচনের আগে সেই দলকে অন্যায্য সুবিধা পাইয়ে দিচ্ছেন।

মমতার কথায়, হরিয়ানা, বিহার এবং মহারাষ্ট্র থেকে প্রচুর অভিযোগ আসছে। সত্য বেশিক্ষণ চাপা থাকে না, তা বেরিয়ে আসবেই। আমার প্রশ্ন হলো, SIR চলাকালীন যে নথিগুলো বিহারে গ্রাহ্য ছিল, সেগুলো বাংলায় কেন গ্রাহ্য হবে না? বাংলাকে কেন নিশানা করা হচ্ছে? আমি বিহারের নির্বাচনী বিজ্ঞপ্তিটি দেখাতে চাই। যোগ্যতার মানদণ্ডগুলো পড়ে শোনাচ্ছি। সবার তো আর পাসপোর্ট থাকে না। সেখানে বলা আছে, রাজ্য বা কেন্দ্রীয় সরকার প্রদত্ত যেকোনও পরিচয়পত্র, পেনশনের পেমেন্ট অর্ডার গ্রাহ্য হবে। এমনকি ব্যাঙ্ক, পোস্ট অফিস এবং এলআইসি-র নথিও সেখানে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্ম শংসাপত্রও গ্রাহ্য করা হয়েছে। আগে তো ইনস্টিটিউশনাল ডেলিভারি খুব কম হতো, তাই স্থানীয় বা রাজ্য কর্তৃপক্ষের তৈরি 'ফ্যামিলি রেজিস্টার' সেখানে মেনে নেওয়া হয়েছে। যদি ওই রাজ্যে এই সব নথি গ্রাহ্য হয়, তবে বাংলায় কেন হবে না?

মমতা বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি ছিল SIR শুনানির শেষ দিন। কিন্তু সময়সীমা শেষ হওয়ার আগেই বিকেল ৩টে নাগাদ কেন লগ-ইন ব্লক করে দেওয়া হল? এর ফলে প্রায় এক লক্ষ মানুষ দুর্ভোগে পড়েছেন, কারণ তাঁরা আর লগ-ইন করতে পারেননি। এই তুঘলকি কমিশন ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। বিজেপির এক নেত্রী AI এবং বিজেপির আইটি সেল ব্যবহার করে এই ভোটারদের নাম বাদ দিয়েছেন। প্রচুর বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সেই চ্যাপ্টারটা ধামাচাপা পড়ে গেল কেন? কোন ভোটারদের নাম গ্রহণ করা হলো আর কাদের নাম বাতিল হলো, আজ পর্যন্ত আপনারা কি দেখতে পেয়েছেন? চূড়ান্ত তালিকা প্রকাশ হলে হয়তো দেখবেন প্রচুর নাম উধাও। এক বিশাল জালিয়াতি চলছে।

মমতা এদিন আরও বলেন, বিহারে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসিন্দার শংসাপত্র যদি গ্রাহ্য করা হয়, বাংলায় কেন তা হবে না? বিহারে ফরেস্ট রাইটস সার্টিফিকেট গ্রাহ্য, কিন্তু এখানে নয়। একইভাবে, সেখানে সরকার প্রদত্ত জমি বা বাড়ি বন্টনের শংসাপত্র গ্রাহ্য করা হয়েছে। তবে এখানে কেন তা বাতিল করা হচ্ছে? ১৪ ফেব্রুয়ারি শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই লগ-ইন বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি। এতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। ওদের ধৃষ্টতা দেখুন! এর মধ্যে দিয়ে এক 'থ্রেট কালচার' ফুটে উঠছে। আপনারা ERO-দের কেন সাসপেন্ড করলেন? এমনকী একজন অপরাধীরও আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকে। সাসপেন্ড করার আগে আপনারা কি একবারও তাঁদের সঙ্গে কথা বলেছেন বা তাঁদের তথাকথিত ভুলগুলো জানিয়েছেন? এই তুঘলকি কমিশন হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠাচ্ছে। সকালের জলখাবার থেকে শুরু করে দুপুর আর রাতের খাবার-সারাদিন ধরে কমিশন একের পর এক নির্দেশ পাঠিয়ে গেছে যা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক এবং বিভ্রান্তিকর। এটা পুরোপুরি বেআইনি।

মমতা বলেন, আমি এমন তুঘলকি কায়দার নির্বাচন কমিশন আগে কখনও দেখিনি। এরা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করার চেষ্টা করছে। এরা এখন ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ়ার দিয়ে পিষে দিচ্ছে। তারা প্রত্যেকটি রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করছে। এরা হুমকির সংস্কৃতিতে বিশ্বাসী। আমরা আইন মেনে চলব। আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুসরণ করব। কিন্তু আইনেরও কিছু সীমা ও গণ্ডি থাকে। আপনারা যদি সেই সীমা লঙ্ঘন করেন, তবে সাধারণ মানুষ আপনাদের মাঠের বাইরে ছুড়ে ফেলে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+