মুখ্যমন্ত্রীর 'শ্রমশ্রী' প্রকল্পের কাজ চলছে জোরকদমে, শুরু নাম নথিবদ্ধ করার প্রক্রিয়া
দেশের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তুতিও শুরু হয়ে গেল জোরকদমে। আমাদের পাড়া, আমাদের পাড়া কর্মসূচিতে পরিযায়ী শ্রমিকদের নাম নথিবদ্ধ করার প্রক্রিয়া চলছে।

শ্রম দফতর ও পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ এই প্রকল্পের রূপরেখা তৈরি করছে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশ্বস্ত পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা। সমস্ত জেলাশাসককে বলা হয়েছে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পরিবার সম্পর্কে তথ্য শ্রম দফতরকে জানাতে। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে পরিবারগুলি পায় তা সুনিশ্চিতকরণের পরিকল্পনাও চলছে। পরিযায়ী শ্রমিকদের শিশুরা বছরের মাঝপথে স্কুলে ভর্তি হচ্ছে। তাদের বই, খাতা, স্কুল ব্যাগ, পোশাক দ্রুত দেওয়ার বন্দোবস্ত করতে বলা হচ্ছে জেলা প্রশাসনকে। স্কুল শিক্ষা দফতর ও শ্রম দফতরের সঙ্গে সমন্বয় রেখেই এই কাজ চলবে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, শ্রমশ্রী প্রকল্পে বাংলায় ফেরা পরিযায়ী শ্রমিকরা এক বছর ধরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন। উৎকর্ষ বাংলায় তাঁদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের বন্দোবস্ত করা হচ্ছে। কর্মশ্রী প্রকল্পের আওতায় তাঁদের একশো দিনের কাজের জব কার্ড দেওয়া হবে। খাদ্যসাথী কার্ডের মাধ্যমে দেওয়া হবে বিনামূল্যে রেশন। স্বাস্থ্যসাথী প্রকল্পেও আনা হবে সকলকে।
যাঁদের এখানে বর্তমানে বাড়ি নেই তাঁদের কমিউনিটি সেন্টারে থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। সংখ্যালঘু উন্নয়ন নিগম, তফসিলি জাতি-উপজাতি এবং ওবিসি উন্নয়ন নিগম-সহ বিভিন্ন সরকারি সংস্থা থেকে কর্মসংস্থানের জন্য ঋণের ব্যবস্থা করা হবে। শ্রমশ্রী প্রকল্পের আওতায় সচিত্র পরিচয়পত্রের বন্দোবস্তও করা হচ্ছে।












Click it and Unblock the Notifications