ভোট ঘোষণার আগেই মমতার মাস্টারস্ট্রোক, বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য
বিধানসভা ভোট ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, বকেয়া ডিএ মার্চ মাস থেকেই মিটিয়ে দেবে রাজ্য সরকার।
স্বাভাবিকভাবেই এই ঘোষণাকে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টেও রাজ্য সরকার নিজেদের অবস্থান জানিয়ে দেবে বলে নবান্ন সূত্রে খবর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেল তিনটে পাঁচ মিনিটে এক্স পোস্টে লেখেন, "রাজ্যের "মা-মাটি-মানুষ" সরকার তার কর্মী ও পেনশনভোগীদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলির লক্ষাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পঞ্চায়েত, পৌরসভা সহ বিভিন্ন স্থানীয় স্বায়ত্তশাসিত ও অনুদানপ্রাপ্ত সংস্থাগুলির কর্মচারী ও পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন।
এই সমস্ত কর্মীরা রোপা ২০০৯ সালের বকেয়া মহার্ঘ ভাতা (DA) চলতি বছরের মার্চ মাস থেকেই পেতে শুরু করবেন। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে এর বিস্তারিত কার্যপদ্ধতি ও শর্তাবলি সুস্পষ্টভাবে জানানো হয়েছে।"
তবে এখনও জানা যায়নি, কতদিনের মধ্যে বা কত ধাপে এই বকেয়া ডিএ মেটানো হবে। ডিএ নিয়ে জোরদার আন্দোলন চলছে, শীর্ষ আদালতে মামলাও চলছে। এই আবহে মমতার ঘোষণা ভোটের আগে সরকারি কর্মীদের ক্ষোভের ক্ষতে প্রলেপ দেবে বলেই মনে করা হচ্ছে।
যদিও বিজেপি মনে করছে এটি নির্বাচনী চমক ছাড়া আর কিছুই নয়। বিজেপি নেতা তাপস রায় বলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় ২০১০ সালে বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তাদের পদত্যাগ করা উচিত। অথচ এত বছর ধরে উনিই বকেয়া ডিএ মেটাননি। উল্টে ডিএ যাতে না দিতে হয়, সেজন্য বিপুল অর্থ ব্যয় করে আদালতে বহু আইনজীবী দাঁড় করিয়েছেন।












Click it and Unblock the Notifications