রাজ্যে মোদী প্রকল্পের প্রয়োগ চান মমতা! ফের চিঠি লিখে 'শর্ত' আরোপ
ফের একবার কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে লাগুর আবেদন জানিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। পিএম কিষাণ সম্মান নিধি নিয়েই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ফের একবার কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে লাগুর আবেদন জানিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। পিএম কিষাণ সম্মান নিধি নিয়েই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে মুখ্যমন্ত্রী ৯ সেপ্টেম্বর তাঁর পাঠানো আগেকার চিঠির কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রাজ্য
মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে দেওয়া চিঠি বলেছেন, রাজ্যে পিএম কিষাণ সম্মান নিধি লাগু করতে তিনি চিঠি দিয়েছিলেন ৯ সেপ্টেম্বর। কিন্তু কেন্দ্রীয় সরকার ওই প্রকল্প রাজ্য সরকারের মাধ্যমে লাগু করার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি। চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, টাকা রাজ্য সরকারকে পাঠানো হোক। রাজ্যই তা কৃষকদের হাতে পৌঁছে দেবে। পিএম কিষাণ সম্মান নিধিতে কেন্দ্রীয় সরকার কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে।

রাজ্যেও আছে প্রকল্প
চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকারও কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে। এর মাধ্যমে প্রায় ৭৩ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন রাজ্যে। কেন্দ্রের বরাদ্দের টাকা হাতে পেলে নিয়ম মেনে সুবিধাপ্রাপকদের তালিকা তৈরি করে কেন্দ্রের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আগেও রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় দুই প্রকল্পের বিকল্প হিসেবে স্বাস্থ্যসাথী এবং কৃষকবন্ধু প্রকল্পের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছিল রাজ্যের মানুষ এই দুই প্রকল্পের সুবিধা না পলেও সাধারণ মানুষের কোনও অসুবিধা হবে না।

কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজনৈতিক আক্রমণ
বিজেপি তথা রাজ্যে আসা কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার অভিযোগ করছেন আয়ুষ্মাণ ভারত এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না রাজ্যের মানুষ। বঞ্চিত হচ্ছেন রাজ্যের মানুষ। তাঁদের আরও অভিযোগ, রাজ্যের তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করেই দুই প্রকল্পের সুবিধা গ্রহণ করছে না। শুধু বিজেপি কিংবা কেন্দ্রীয় মন্ত্রীরাই নন, রাজ্যপালও এই দুই প্রকল্প থেকে রাজ্য সরকারের দূরে সরে থাকা নিয়ে বারবার সরব হয়েছেন। বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকেও কাঠগড়ায় তুলেছেন। তিনি এনিয়ে একাধিক টুইট করেছেন। সেখানে উল্লেখ করেছএন রাজ্যের প্রায় ৭০ লক্ষ কৃষক ৮৪০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে।

কেন্দ্র সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিতে চায়
মুখ্যমন্ত্রী চান টাকা আসবে রাজ্যের কোষাগারে। তারপর রাজ্য সরকার কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবে। কিন্তু কেন্দ্রের সরকার চায় টাকা যাবে সরাসরি কৃষকদের কাছে। এব্যাপারে বিজেপি তথা কেন্দ্রের তরফে আম্ফানের জন্য পাঠানো টাকা সঠিক উপভোক্তার কাছে না পৌঁছনোর অভিযোগকে সামনে রাখা হয়েছে। রাজ্য বিজেপির নেতারাও বলেছেন, এই এই প্রকল্পের টাকা দিতে হলে, তা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টেই দিতে হবে। প্রসঙ্গত আম্ফানের পরে সাহায্য হিসেবে কেন্দ্রের তরফে টাকা পাঠানো হয়েছিল। কিন্তু রাজ্যের বিরোধীদের অভিযোগ টাকা গিয়েছে পঞ্চায়েত প্রধান কিংবা তৃণমূল নেতাদের আত্মীয়ের অ্যাকাউন্টে।












Click it and Unblock the Notifications