পঞ্চায়েতের প্রচার শুরু মমতার, ২০৬৮ কোটি ব্যয়ে নয়া পরিকল্পনা রাজ্যের
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উন্নয়ন পরিকল্পনার খতিয়ান যেমন তুলে ধরেন, তেমনই তাঁর নতুন উন্নয়ন পরিকল্পনার কথাও জানান। এর মাধ্যমেই ঢাকঢোল পিটিয়ে প্রচার শুরু মমতার।
নতুন বছর আসার আগেই পঞ্চায়েতের প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে মুখ্যমন্ত্রী তাঁর সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন। সেইসঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন, 'বাংলার মাটি ভাগাভাগি বরদাস্ত করে না। ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করি না আমরা। আমরা সকলকে নিজের মনে করি।'

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উন্নয়ন পরিকল্পনার খতিয়ান যেমন তুলে ধরেন, তেমনই তাঁর নতুন উন্নয়ন পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, শীঘ্রই নিম্নদামোদর অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করা হবে। এই মাস্টারপ্ল্যানে ২০৬৮ কোটি বরাদ্দ করা হয়েছে। এই কাজ সম্পূর্ণ হলে বর্ধমান, হুগলি, হাওড়ার অন্তত ৩০ লক্ষ মানুষ উপকৃত হবেন।
এছাড়া তিনি বলেন, অজয় নদের উপর ১৬৫ কোটি টাকা ব্যায়ে নতুন সেতু হবে। এই সেতু হলে জয়দেবের কেন্দুলি মেলায় যাওয়ার পথ অন্তত ২০ কিলোমিটার কমে যাবে। এছাড়া নতুন পশ্চিম বর্ধমান জেলায় রানিগঞ্জে নুনিয়া নদীর উপর আরও এক সেতু গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের সরকারের মূল ইউএসপি হল উন্নয়ন। তাই আমরা সমস্ত কুৎসার জবাব দেব আমাদের উন্নয়নমূল কাজ দিয়ে। কারও বাজে কথা যেমন আমরা বরদাস্ত করব না, তেমনই কাউকে বাজে কথাও বলব না। এ প্রসঙ্গে তিনি মঞ্চে উপস্থিত অনুব্রত মণ্ডলকে সতর্কও করেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলার মানুষের সুবিধার্থে বিনা খরচে মাতৃযান পরিষেবা প্রদানের কথা ঘোষণা করেন। জেলায় মোট ১১টি অ্যাম্বুল্যান্স দেওয়া হচ্ছে। এই সমস্ত মাতৃযানে বিনা প্রসবতি মায়েরা হাসপাতালে যেতে পারবেন, এখানে জীবনদায়ী ওষুধেরও বন্দোবস্ত থাকবে।
কেন্দ্রের বিজেপি সরকারকে তিনি বার্তা দেন, আমরা ঋণ শোধ করেও সামাজিক কাজ করি। সামাজিক প্রকল্পের সুবিধা এ রাজ্যের সকলের কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য।












Click it and Unblock the Notifications