বইমেলার উদ্বোধনেই বইপ্রকাশ! সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী অবস্থান নিয়ে নতুন বই মমতার
বইমেলার উদ্বোধনেই বইপ্রকাশ! সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী অবস্থান নিয়ে নতুন বই মমতার
বইমেলার উদ্বোধনেই বইপ্রকাশ। ৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় নিজের ১৩ টি বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কেন তৃণমূল সিএএ, এনআরসি এবং এনপিআর বিরোধী সেই সম্পর্কে।

এখনও পর্যন্ত ১০১ টি বই প্রকাশ মমতার
বই লেখা শুরু করেছিলেন ১৯৯৫ সাল থেকে। গতবছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল ৮৮ টি। এবার প্রকাশিত হয়েছে ১৩ টি বই। সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০১-এ। প্রকাশিত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হোয়াই ইউ আর সেয়িং নো সিএএ, নো এনপিআর, নো এনআরসি।

আগে ফেরাতে হবে সিএএ
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে রাজি। তবে তার জন্য আগে সিএএ তুলে নিতে হবে প্রধানমন্ত্রীকে। এসম্পর্কে তিনি আরও বলেন, এটা ভাল যে প্রধানমন্ত্রী সিএএ সম্পর্কে কথা বলতে চান। তবে তার আগে সিএএ ফেরাতে হবে।

আগে হয়নি কোনও আলোচনা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কাশ্মীর সম্পর্কে সিদ্ধান্তই হোক, কিংবা সিএএ, এনআরসি বিষয়গুলি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়নি। আর এই সিদ্ধান্তগুলিই দেশের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ
পশ্চিমবঙ্গ বিধানসভা সোমবার সিএএ বিরোধী প্রস্তাব পাশ করিয়েছে। সেই প্রস্তাব আনা হয়েছিল সরকার পক্ষ থেকে। সমর্থন করেছে বাম, কংগ্রেস। কেরল, পঞ্জাব, রাজস্থানের পর পশ্চিমবঙ্গই হল চতুর্থ রাজ্য যেখানে সিএএ বিরোধী প্রস্তাব পাশ করানো হল।












Click it and Unblock the Notifications