এসএসকেএমে নতুন উডবার্ন ওয়ার্ড! 'অনন্য' টেক্কা দেবে বেসরকারি হাসপাতালগুলিকে, বড় ঘোষণার ফাঁকেই দাবি মমতার
বাংলার স্বাস্থ্যক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচিত হলো। আজ এসএসকেএম হাসপাতালে নতুন উডবার্ন ওয়ার্ডের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই এর নাম রেখেছেন অনন্য।
জানা গিয়েছে, এসএসকেএমের আউটডোর বা এমারজেন্সিতে আসা কোনও রোগী এই উডবার্ন-২ ইউনিটে ভর্তি হতে পারবেন। মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধাও।

৬৭ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে ১০ তলা ভবনের এই উডবার্ন ওয়ার্ড অনন্য। রয়েছে ১৩১টি কেবিন। দৈনিক সিঙ্গল কেবিনের ভাড়়া ৫ হাজার টাকা, সিঙ্গল স্যুট ৮ হাজার টাকা, এইচডিইউ পরিকাঠামোবিশিষ্ট বেডের ভাড়া ১২ হাজার টাকা, আইটিইউয়ের বেড ভাড়া ১৫ হাজার টাকা। মুখ্যমন্ত্রী বলেন, এসএসকেএম কর্তৃপক্ষ যে ভাড়া নির্ধারণ করেছিল তা ২ হাজার টাকা করে কমিয়েছি। বেসরকারি হাসপাতালগুলিতে এই ধরনের চিকিৎসায় অনেক টাকা খরচ হয়। এখন হাসপাতালের খরচ উঠবে না জানি। প্রথমে লোকসানেই চলবে। ৬ মাস পর এই বেড ভাড়ার রিভিউ হবে।
মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে দুটি ক্যানসার হাসপাতাল তৈরির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। একটি হবে এসএসকেএম হাসপাতাল চত্ত্বরেই। আরেকটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সরকারি উদ্যোগে চালু হচ্ছে রোবোটিক সার্জিক্যাল সিস্টেম। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে বোন ব্যাঙ্ক বা হাড়় ব্যাঙ্ক তৈরির প্রকল্পেরও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। যা পূর্ব ভারতে প্রথম। আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এদিন করেন তিনি।
মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১১ সালে স্বাস্থ্যখাতে বাজেট ছিল ৩৬৮৪ কোটি টাকা। সেটা এখন বেড়ে হয়েছে ২১৩৫৫ কোটি টাকায়। বিনামূল্যে শিশুদের হার্ট অপারেশন হচ্ছে, স্বাস্থ্যসাথী চালু হয়েছে। এগুলি সাধারণ মানুষের জন্য খুব উপকারের। ৮ কোটির বেশি মানুষ স্বাস্থ্যসাথীর পরিষেবা নিয়েছেন। দৈনিক ৭ হাজার রোগী স্বাস্থ্যসাথীর মাধ্যমে পরিষেবা গ্রহণ করেন।
ব্রিকস নেটওয়ার্কে পুদুচেরীর হাসপাতালের সঙ্গে যুক্ত হয়েছে এসএসকেএম হাসপাতাল। সেই তথ্য জেনে এই সাফল্য উদযাপন করতে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশ হাসপাতালে নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি হয়েছে ২৫.৭১ কোটি টাকা খরচ করে। লি রোডে সাত তলা ছাত্রাবাস তৈরি হয়েছে ২৪.৪৯ কোটি টাকা ব্যয়ে।












Click it and Unblock the Notifications