ভোটের জন্য ৭ দিন সময় দিলেই হবে, তাড়াতাড়ি উপনির্বাচনের দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা
রাজ্যে উপনির্বাচন (by election) দ্রুত সম্পন্ন করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন তিনি নবান্নে করা সাংবাদিক সম্মেলনে এই দাবি তোলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, গত বিধানসভা নির্বা
রাজ্যে উপনির্বাচন (by election) দ্রুত সম্পন্ন করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন তিনি নবান্নে করা সাংবাদিক সম্মেলনে এই দাবি তোলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, গত বিধানসভা নির্বাচন আটদফা (eight phase election) করাতেই করোনার সংক্রমণ (coronavirus) দ্রুত ছড়িয়ে পড়েছিল।

যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে
করোনায় আক্রান্ত হয়ে প্রার্থীদের মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট স্থগিত হয়ে গিয়েছিল । করোনা আক্রান্ত হয়ে ফল বেরনোর আগেই মৃত্যু হয় খড়দহের তৃণমূল প্রার্থীর। অন্যদিকে দিন কয়েক আগে করোনায় প্রয়াত হয়েছেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। এছাড়াও শান্তিপুর এবং দিনহাটা আসন দুটি থেকে পদত্যাগ করেছেন বিজেপির দুই সাংসদ জগন্নাথ সরকার এবং নিশীথ প্রামাণিক। অন্যদিকে ভবানীপুর আসনে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করায় আসনটি শূন্য রয়েছে।

শপথ গ্রহণের ছয়মাসের মধ্যে নির্বাচিত হতে হবে মুখ্যমন্ত্রীকে
৫ মে তৃতীয়বারে জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের ইতিহাসে এবারই প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক নন। তাই তাঁকে ছয় মাসের মধ্যেই নির্বাচিত হয়ে আসতে হবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেড়ে দেওয়া ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেই মনে করছেন অনেকে।

দ্রুত নির্বাচনের দাবি মুখ্যমন্ত্রীর
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ফাঁকা থাকা বিধানসভা আসনগুলিতে দ্রুত নির্বাচনী প্রক্রিয়া শেষ করার দাবি তুলেছেন। এর জন্য তিনি বলেছেন, ভোটের প্রচারের জন্য সাত দিন সময় দিলেই যথেষ্ট। কেননা এই মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের ইতিহাস ঘাটলে দেখা যাবে উপনির্বাচনগুলিতে বেশিরভাগ সময়েই শাসকদল জয়ী হয়েছে। ফলে উপনির্বাচন হলে তৃণমূলের আসন সংখ্যা যে আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

আটদফার নির্বাচনের জন্যই রাজ্যে সংক্রমণ ছড়ায়
মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন, রাজ্যে একদফাতেই নির্বাচন করা যেত। কিন্তু আটদফায় নির্বাচন করাতেই সংক্রমণ ছড়িয়ে পড়ে। প্রথমের দিকের দফাগুলির সময়ে রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও শেষ তিনদফায় তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। অষ্টম দফার সময় রাজ্যে পিজিটিভিটি রেট ৩৩%-এ পৌঁছে গিয়েছিল বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে আটদফায় নির্বাচন করা নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে বেনজির নালিশ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications