পাহাড় থেকে অমিত শাহকে জবাব মমতা বন্দ্য়োপাধ্যায়ের, সিএএ নিয়ে করলেন প্রশ্ন
পাহাড় থেকে অমিত শাহকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লখনৌতে অমিত শাহ বিরোধীদের উদ্দেশ্য করে বলেছিলেন বিরোধীরা সিএএ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
পাহাড় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লখনৌতে অমিত শাহ বিরোধীদের উদ্দেশ্য করে বলেছিলেন বিরোধীরা সিএএ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এর উত্তর দিতে গিয়ে বলেন, তাহলে সত্যিটা কী সেটাই উনি বলুন।

লখনৌ থেকে বিরোধীদের আক্রমণ
মঙ্গলবার লখনৌতে সিএএ নিয়ে বিরোধীদের আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, বিরোধীরা সিএএ নিয়ে অপপ্রচার চলাচ্ছেন। দেশের কোনও ভাল কাজের সমর্থন তৃণমূল নেত্রী করেন না বলেও অভিযোগ করেছিলেন অমিত শাহ।

জবাব দিলেন মমতা
সিএএ-র বিরুদ্ধে দার্জিলিং-এ হাঁটার পর চকবাজারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় মন্ত্রী বড় বড় কথা বলেন। বিরোধীরা নাকি মিথ্যা কথা বলছে। তাহলে সত্যিটা কী, সেটাই বলুন তিনি। বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এঁরা সকালে এককথা বলেন, আর বিকেলে অন্য কথা। গালি দিয়ে দেশ খালি করার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

দার্জিলিং কি পাহাড়ের বাইরে, প্রশ্ন মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেনে, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অসমে জাতীয় নাগরিক পঞ্জী তৈরির কাজ বন্ধ রাখা হয়েছে। তাহলে কেন দার্জিলিং-এ তা হবে না। দার্জিলিং কি তাহলে পার্বত্য এলাকার বাইরে, প্রশ্ন করেন মমতা।

পাহাড়বাসীর পাশে থাকার আশ্বাস
মুখ্যমন্ত্রী এদিন পাহাড়বাসীকে আশ্বস্ত করে বলেন পাহাড়ে সিএএ, এনআরসি, এনপিআর হবে না। এদিন অসমের এনআরসিতে ১ লক্ষ গোর্খার নাম বাদ যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন চকবাজারের সমাবেশ থেকে স্লোগন দেন, দার্জিলিং ভাগ নয়, গোর্খা ভাগ নয়, হিন্দু ভাগ নয়, মুসলিম ভাগ নয়। অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী সুচাতুরভাবে গোর্খাগ্যান্ড নিয়ে নিজের অবস্থানও এদিন জানিয়ে দিলেন ফের একবার।












Click it and Unblock the Notifications