দুয়ারে সরকারে আধার কার্ডের আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে হবে, জেলাশাসকদের নির্দেশ মমতার
অক্টোবর থেকেই দেশজুড়ে শুরু হয়ে যেতে পারে এসআইআর। উৎসবের মরশুম কাটলেই তা চালুর ইঙ্গিত মিলেছে নির্বাচন কমিশনের তরফে, খবর সূত্রের।
সম্প্রতি সুপ্রিম কোর্ট দ্বাদশ প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে মান্যতা দিয়েছে। আধার কার্ড নাগরিকত্ব প্রমাণের পক্ষে যথেষ্ট না হলেও, ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডকে বৈধতা দিয়েছে শীর্ষ আদালত।

এই আবহে জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশ। তিনি বলেন, আমি জেলাশাসককে বলব যাঁদের আধার কার্ড নেই, তাঁদের দ্রুত আধার কার্ড করে দিতে হবে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আধার কার্ডের যে আবেদনগুলি জমা পড়বে তার দ্রুত নিষ্পত্তি করতে হবে। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির জেলাশাসককে এদিন বললেও তা যে বাকি সব জেলাশাসকদের উদ্দেশেও বার্তা, তা নিয়ে সংশয় নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ভোটার তালিকায় নাম আছে কিনা তা দেখতে হবে। এখন দেখলেই শুধু হবে না। আগামী ৬-৭ মাস দেখতে হবে। ভোটার তালিকায় নাম না থাকলেই এরা (পড়ুন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার) বলবে এনআরসি করিয়ে দাও। এদের আমি বিশ্বাস করি না।
আগামী রবিবার রয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা। মুখ্যমন্ত্রী বলেন, আদালতের নির্দেশে পরীক্ষা হচ্ছে। আইনজ্ঞরা আইনি পরামর্শ নিচ্ছেন। আইনি জটিলতা কেটে গেলেই আমরা সকলের সঙ্গে থাকার চেষ্টা করব। এর বেশি আইনত কিছু বলা সম্ভব নয়। তবে যখনই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তখন এক দল কোর্টে চলে যায়। আমি তো চাকরি দিতে চাই। কিন্তু ওরা চাকরি খেতে চায়। ভোটে না পেরে কোর্টে যায়।












Click it and Unblock the Notifications