নির্বাচনী সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর! একে অপরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল, বিজেপির
বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা গ্রাম।
বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা গ্রাম। সংঘর্ষের সময় ব্যাপক বোমাবাজি হয় বলেও অভিযোগ।
সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশও। গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়লে চার জন পুলিশ কর্মী আহত হয়েছেন।
পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়। অন্তত পাঁচটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের সেল ফাটায়।

এই ঘটনায় দুজনকে গ্রেফতার ও পাঁচ জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র।
গত বছর থেকেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে বারে বারে সংঘর্ষ বেঁধেছে এলাকায়। তাই নির্বাচনের আগে এই এলাকার দিকে বাড়তি নজর রাখছে পুলিশ তার মধ্যেই ফের সেখানে সংঘর্ষের ঘটনা ঘটল। সোমবার রাতে এই এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামী বানেশ্বর মাজির ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তার পরেই এলাকায় যায় পুলিশ। এদিন সকালে পুলিশ সেখানে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেসের লোকদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
এলাকার তৃণমূল কংগ্রেস নেতা সংগ্রাম দলুই-এর অভিযোগ, পুলিশ গ্রামে এলে বিজেপির লোকেরা তাদের বাধা দিয়ে আমাদের মারধর করে এবং বোমা ছোঁড়ে। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে এবং তাদের গাড়িও ভাঙচুর করে বিজেপির লোকেরা।

যদিও বিজেপি নেতা প্রদীপ দাসের দাবি, এলাকায় তল্লাশির নামে তাদের কর্মী সমর্থকদের সঙ্গে খারাপ ব্যবহার করে পুলিশ। প্রতিবাদ করলে তৃণমূল কংগ্রেসের লোকেরা পুলিশের সামনেই বিজেপির লোকদের আক্রমণ করে ও তারাই পুলিশের গাড়িতে ভাঙচুর করে। পুলিশের দাবি, তারা এলাকা থেকে দুজনকে ধরে আনার পরে তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। পরিস্থতি সামাল দিতে আশেপাশের থানা থেকেও পুলিশ কর্মীদের সেখানে আনা হয়েছে।
অন্যদিকে বীরভূম জেলার সাইথিয়ার পাহাড়পুরে বিজেপির লোকেরা তাদের দলীয় অফিসে হামলা করেছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির পালটা দাবি, তাদের মিছিলে হামলা করেছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications