ভাসানকে কেন্দ্র করে রণক্ষেত্র মনোহরপুকুর, ইটবৃষ্টি, লাঠিচার্জ, নামল র্যাফ
কলকাতা, ১৪ অক্টোবর : দুর্গা প্রতিমার ভাসানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল মনোহরপুকুর। বৃহস্পতিবার রাতে দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষ বাধে ভাসানের শোভাযাত্রায় বেরিয়ে। ব্যাপক ভাঙচুর চালানো হয় গাড়ি ও অ্যাম্বুল্যান্সে। ইটবৃষ্টি, বোতল ছোড়াও হয়। শুক্রবার সকালে দফায় দফায় খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সঙ্গে।
পুলিশ মহিলাদের লাঠিচার্জ করে বলে অভিযোগ। নামানো হয় র্যাফ, কমব্যাট ফোর্স। এলাকাছাড়া পুরুষেরা। বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। মনোহরপুকুর সেকন্ড বাই লেনের কিশোর বাহিনী ও সাত নম্বর বস্তির পুজো কমিটি শোভাযাত্রা করে ভাসানে বেরিয়েছিল। তখনই কে আগে যাবে, তা নিয়ে বচসা শুরু হয়। তা থেকেই হাতাহাতি, মারধর। ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় এলাকায়।

দুগোষ্ঠীর মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। বোতল ছোড়াও হয় একে অপরকে লক্ষ্য করে। এই ঘটনায় গুরুতর জখম হন দু'পক্ষেরই বেশ কয়েকজন। এদিন সকালে ফের নতুন করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের সামনেই দু'পক্ষের মধ্যে গন্ডগোল মারধর শুরু হয়। উত্তেজনা প্রশমিত করতে বাধ্য হয়েই লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
মহিলাদেরও লাঠিচার্জ করা হয় বলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পুলিশের সঙ্গেও একপ্রস্থ খণ্ডযুদ্ধ বাধে। শেষমেশ র্যাফ নামাতে হয় এলাকায়। নামানো হয় কমব্যাট ফোর্স। পুলিশ পিকেট বসানো হয় এলাকায়। ধরপাকড় চালাচ্ছে পুলিশ। সেই ভয়েই এলাকাছাড়া দুই পাড়ার পুরুষরা।












Click it and Unblock the Notifications