কং-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর, বোমা-গুলিতে জখম কমপক্ষে ১০
কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর। বোমা, গুলি, ধারালো অস্ত্রের আঘাতে আহত কমপক্ষে ১০ জন। আশঙ্কাজনক কয়েকজন ভর্তি হাসপাতালে। ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।
কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর। বোমা, গুলি, ধারালো অস্ত্রের আঘাতে আহত কমপক্ষে ১০ জন। আশঙ্কাজনক কয়েকজন ভর্তি হাসপাতালে। ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। মুর্শিদাবাদে সংগঠন থেকে অনেকেই চলে গিয়েছেন তৃণমূলে। সেই সংগঠনকে চাঙ্গা করতেই জেলার বিভিন্ন ব্লকে গত একমাস ধরে কর্মিসভা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাল্টা সভা করছে তৃণমূলও। জেলা পরিষদের ক্ষমতা হাতে নেওয়ার পর তৃণমূলের লক্ষ্য মুর্শিদাবাদ থেকেই অধীরকে উৎখাত করা। সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তৃণমূল নেতা ও মুর্শিদাবাদের দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারী। বারবার তিনি এই জেলা সফর করছেন।

জেলার বিভিন্ন জায়গায় দুদলের মধ্যে ছোটখাটো সংঘর্ষ লেগেই আছে। তবে ইসলামপুরের ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। ইসলামপুর বাসস্ট্যান্ডের কাছে কর্মিসভা করার কঠা ছিল অধীর চৌধুরীর। প্রত্যন্ত এলাকা থেকে ছোট গাড়ি কিংবা পায়ে হেঁটে সভাস্থলের দিকে যাচ্ছিলেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। সেই সময় পাঁচরাহা, শিশাপাড়াসহ বেশ কয়েকটি জায়গায় কংগ্রেস কর্মীদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের তরফ থেকে হামলা চালানো হয় বলেও অভিযোগ। কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে বোমা-গুলি চলে বলে অভিযোগ করেছেন মিছিলে যাওয়া কংগ্রেসকর্মীরা।
তবে ঘটনা নিয়ে তৃণমূলের পাল্টা অভিযোগও রয়েছে। মিছিলে যেতে না চাওয়ায় বাঁশ দিয়ে পেটানোরও অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে।
দুপক্ষের আহত কয়েকজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ, পুলিশের সামনেই কংগ্রেস কর্মীদের ওপর হামলা চলে। তদন্ত না হলে পাল্টা হামলারও হুমকি দিয়েছেন অধীর। অন্যদিকে তৃণমূল নেতা সৌমিক হোসেনের অভিযোগ, পায়ের তলার মাটি ফিরে পেতে তৃণমূলের ওপর হামলা চালাচ্ছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications