West Bengal Panchayat Election 2023: মনোনয়নের দ্বিতীয় দিনেও অশান্ত বাংলা, পরিস্থিতি সামলাচ্ছে 'সিভিক'
West Bengal Panchayat Election 2023: মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনেও উত্তাল বাংলা! বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। কোথাও বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাঁধা দেওয়ার অভিযোগ তো কোথাও বিরোধী প্রার্থীদের মারধরের অভিযোগ।

আর তা নিয়ে উত্তাল রাজ্য। পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম অবস্থা পুলিশের। পরিস্থিতি সামলাতে হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই নামানো হচ্ছে সিভিল ভলেন্টিয়ারদের। প্রত্যেক ঘটনাতেই বিরোধীদের অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে।
- রণক্ষেত্র ডোমকল
শুক্রবারের পর আজ শনিবারও মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। রণক্ষেত্র পরিস্থিতি ডোমকলে। শনিবার বাম এবং কংগ্রেস মনোনয়ন জমা দিতে গেলে তাদের আটকানো হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। শুধু তাই নয়, গোটা বিডিও অফিস তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ঘিরে রাখে বলেও অভিযোগ বাম-কংগ্রেসের।
আর তা কাটিয়ে মনোনয়ন জমা দিতে গেলে দুষ্কৃতীরা প্রার্থীদের মারধর করে বলে অভিযোগ। আর তা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় আক্রান্ত বাম প্রার্থী। পরিস্থিতি সামলাতে সিভিক ভলেন্টিয়ারদের নামানো হয়। আর তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
- উত্তপ্ত বাঁকুড়া
অন্যদিকে বাঁকুড়ায় আজ ফের উত্তেজনা। বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমাশাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। শনিবার শহরে মিছিল করে মহকুমাশাসকের দফতরের সামনে বসে পড়েন দলের নেতা কর্মীরা।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি জয় দাঁর অভিযোগ, বিষ্ণুপুর বিডিও অফিসে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে পুলিশ প্রশাসনের উপস্থিতিতিতে তৃণমূল আশ্রিত দূস্কৃতিরা কাগজপত্র ছিঁড়ে দেয়। পাশাপাশি লাঠি রড দিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ।
- একের পর এক জায়গাতে অশান্তি
কেষ্টগড় বীরভুমের লাভপুর থেকেও অশান্তির খবর সামনে আসছে। মনোনয়ন জমা দিতে গেলে বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ। এমনকি কাটোয়াতেও বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকি জমা দিতে গেলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ প্রার্থীদের।
অন্যদিকে আসানসোলের জামুরিয়াতে বাম প্রার্থীরা সকালে মনোনয়ন জমা দিতে গেলে বামেদের আটকানো হয় বলে জানা যাচ্ছে। যদিও কোনও ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয় বলেই দাবি নেতৃত্বের।
- নড়েচড়ে বসল নির্বাচন কমিশন
একের পর এক জায়গাতে অশান্তি। মনোনয়ন জমা না দিতে দেওয়ার অভিযোগ। এই অবস্থায় নড়েচড়ে বসল রাজ্য নির্বাচন কমিশন। প্রত্যেক ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন। কেন এত অশান্তি সে বিষয়ে সংশ্লিষ্ট জেলাশাসকদের বিস্তারিত রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications