বর্ধমান-কাণ্ডে অবশেষে দেশদ্রোহিতার মামলা রুজু করল সিআইডি

গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটেছিল। এর জেরে তিনজনকে গ্রেফতার করা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, খুনের চেষ্টা ইত্যাদি অপেক্ষাকৃত লঘু ধারায় মামলা দিয়েছিল বর্ধমান থানা। এ নিয়ে দেশ জুড়ে হইচই শুরু হয়। বিরোধীরা চাপ বাড়াতে শুরু করে। সরব হয় সংবাদমাধ্যম। চাপের মুখে পড়ে গতকাল রাজ্য পুলিশ ও সিআইডি সিদ্ধান্ত নেয়, ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হবে। দেশদ্রোহ যেহেতু ক্ষমার অযোগ্য অপরাধ, তাই এই সংক্রান্ত ধারাগুলিও অনেক কঠোর।
যদিও সিআইডি-র ডিআইজি (অপারেশন) দিলীপ আদক সংবাদমাধ্যমকে বলেন, "দেশবিরোধী যড়যন্ত্রে লিপ্ত থাকার সপক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গিয়েছে। তাই ইউএপিএ এবং আইপিসি-র সংশ্লিষ্ট ধারায় আমরা মামলা রুজু করেছি।"
এদিকে, জোর করে তদন্তের ভার রাজ্য সরকারের হাত থেকে কেড়ে নিতে চাইছে না কেন্দ্র। কারণ কেন্দ্র মনে করছে, এটা করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। তিনি তখন বলবেন, বিজেপি রাজনীতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। কেন্দ্র চাইছে, ক্রমশ চাপ বাড়াতে যাতে রাজ্য উদ্যোগী হয়ে এনআইএ-র হাতে তদন্তভার তুলে দিতে বাধ্য হয়।












Click it and Unblock the Notifications