রক্ষকই ভক্ষক! ১৫ কোটির সোনা পাচারের অভিযোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার এসডিপিও-সেনা-সহ ৫
আলিপুরদুয়ার থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের সোনা পাচারের অভিযোগে গ্রেফতার সেনা ও রাজ্য পুলিশের ৫ কর্তা।
আলিপুরদুয়ার থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের সোনা পাচারের অভিযোগে গ্রেফতার সেনা ও রাজ্য পুলিশের ৫ কর্তা।

এঁদের মধ্যে রয়েছেন রাজ্য পুলিশে কর্মরত আলিপুরদুয়ারের জয়গাঁর এসডিপিও অনিরুদ্ধ ঠাকুর, বারোবিশা ফাঁড়ির ওসি কমলেন্দ্র নারায়ণ এবং হাসিমারা ফাঁড়ির এসআই সত্যেন্দ্র নারায়ণ রায়। অন্যদিকে ধৃত সেনাকর্মীদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল পবন ব্রহ্ম এবং সেনাবাহিনীর গোয়েন্দা অফিসার দশরথ সিং।
সূত্রের খবর অনুযায়ী, জয়গাঁ সীমান্ত দিয়ে সোনা পাচারের অভিযোগ পেয়েছিল সিআইডি। অভিযোগ ছিল, ভূটান থেকে পাচার হওয়ার সময় ১৫ কেজি সোনা আটক করা হয়েছে। কিন্তু তা সরিয়ে ফেলার ছকও করা হচ্ছে। তাতেই যুক্ত জয়গাঁর এসডিপিও। এরপর শুক্রবার বাকিদের খোঁজ পাওয়া যায়। সোনা পাচারে রাজ্যের পদস্থ পুলিশকর্মীদের যুক্ত থাকার অভিযোগ পাওয়ার পর শুক্রবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সেকথা জানান এবং অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেন।
এদিকে, অভিযোগ ওঠার পরেই, আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল যাদব হাসিমারা থানায় ডেকে পাঠান এসডিপিও অনিরুদ্ধ ঠাকুরকে। বাকিদেরও সেখানে ডাকা হয়। হাসিমারায় পৌঁছে যান উত্তরবঙ্গের আইজিও। জানা গিয়েছে, সেনা অফিসারদের যুক্ত থাকার খবর জানানো হয় সেনার পদস্থকর্তাদের।
সূত্রের খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদের পর বক্তব্যে অসঙ্গতির অভিযোগে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়। আদালতে হাজির করানোর পর এদিন অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয় সিআইডি।












Click it and Unblock the Notifications