বাদুড়িয়ার নার্সিংহোমে উদ্ধার হওয়া শিশু দেগঙ্গার স্বামী পরিত্যক্তা তরুণীর, চাঞ্চল্যকর দাবি
তামিলনাড়ুতে কাজে গিয়ে তিনি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছিলেন। তারপর নাজমা নামে এক মহিলার খপ্পরে পড়ে বাদুড়িয়ার নার্সিংহোমে তিনি সন্তান প্রসব করেন। তাঁর সন্তানকে একটিবারও চোখের দেখা দেখানো হয়নি।
উত্তর ২৪ পরগনা, ২ ডিসেম্বর : বাদুড়িয়ার নার্সিংহোমে বিস্কুটের কার্টুন থেকে উদ্ধার হওয়া দুই শিশুর একজন দেগঙ্গার তরুণীর সন্তান। চাঞ্চল্যকর দাবি করলেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা স্বামী পরিত্যক্তা এক তরুণী। তাঁর দাবি, তামিলনাড়ুতে কাজে গিয়ে তিনি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছিলেন।
তারপর নাজমা নামে এক মহিলার খপ্পরে পড়ে বাদুড়িয়ার নার্সিংহোমে তিনি সন্তান প্রসব করেন। তাঁর সন্তানকে একটিবারও চোখের দেখা দেখানো হয়নি। সিজারের পর তাঁকে মোটর সাইকেলে করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ওই মহিলা।
সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় স্বামী পরিত্যক্তা ওই তরুণীর কাহিনি।

বছর ২৮-এর ওই তরুণীর অভিযোগ, স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হলেও, সেই বিয়ে টেকেনি। পেট চালাতে হাসনাবাদের এক যুবকের পরামর্শে তিনি তামিলনাড়ুতে ইটভাটার কাজে চলে যান। সেখানে হাসনাবাদের ওই যুবকের প্ররোচনায় তাস সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপরই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। ফিরে আসেন বাড়িতে। তারপরই নাজমার সঙ্গে পরিচয়। তাঁর গর্ভে বেড়ে ওঠা সন্তানকে তিনি পৃথিবীর আলো দেখাতে চেয়েছিলেন। তাই নাজমার পরামর্শ বাদুড়িয়ার নার্সিংহোম ভর্তি হন তিনি। সন্তান জন্মানোর পর তাঁকে একটিবারের জন্যও দেখানো হয়নি।
তাহলে কী করে জানলেন ওই দুই সন্তানের একটি তাঁরই? ওই তরুণী বলেন, বাদুড়িয়ার নার্সিংহোমের এক কর্মী তাঁর পরিচিত। তিনিই ওই তরুণীকে জানান বিস্কুটের কার্টুন থেকে উদ্ধার হওয়া শিশু দু'টির একটি তাঁর। তিনি এখন প্রশসানের দ্বারস্থ হচ্ছেন নিজের সন্তানকে ফিরে পেতে। সেইসঙ্গে তিনি চান, ওই শিশুকে তাঁর পরিচয় ফিরিয়েও দিতে। সেই লক্ষ্যেই তাঁর লড়াই চলবে বলে জানিয়েছেন তরুণী।
এদিকে আজও এক শিশু উদ্ধার হয়েছে খোলা রাস্তা থেকে। আজ রাজারহাটে রাস্তার ধারে ওই শিশুকে দেখে উদ্ধার করেন এক তথ্য-প্রযুক্তি কর্মী। তারপর যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে। শিশুটিকে হোমে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা শিশু পাচারের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে।












Click it and Unblock the Notifications