মুখ্যসচিবের ফোনে মুখ্যমন্ত্রীর যোগাযোগ, কমিশনে নতুন বিতর্ক উসকে দিল শুভেন্দুর অভিযোগ
রাজ্যের নির্বাচনী প্রস্তুতি ঘিরে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরুণ প্রসাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিদিন কথা বলছেন, তাও নাকি মুখ্যসচিব মনোজ পন্থের সরকারি ফোন ব্যবহার করে। নির্বাচন কমিশনের রাজ্য সফররত প্রতিনিধিদলের কাছে এই অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি তার সঙ্গে যুক্ত 'প্রমাণ'ও তুলে দিয়েছেন বলে দাবি শুভেন্দুর।
শুভেন্দুর অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নানা অনিয়মের কথাও। বর্তমানে চার দিনের সফরে রাজ্যে থাকা কমিশনের প্রতিনিধিরা ইতিমধ্যেই বিভিন্ন জেলার ডিইও ও ইআরও এর সঙ্গে বৈঠক করেছেন, শুক্রবার যোগ দিয়েছেন ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং কর্মশালাতেও। সেই কর্মশালাতেই বিরোধী দলনেতার অভিযোগের নথি তাঁদের হাতে পৌঁছয়।

রাজ্য নির্বাচনী দপ্তর অবশ্য এই নিয়ে মুখ খুলতে নারাজ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে জড়িয়ে যেহেতু অভিযোগ সরাসরি কমিশনের কাছে জমা পড়েছে, রাজ্য দপ্তর কোনও মন্তব্য করবে না। সিদ্ধান্ত নেবে কমিশনই এমনটাই তাদের অবস্থান। কমিশনের তরফেও জানানো হয়েছে, প্রতিটি অভিযোগ বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এদিন বিজেপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু আরও দাবি করেন, ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম থাকছে ও প্রশাসনের একাংশ তা সরাতে অনীহা দেখাচ্ছে। একই সঙ্গে 'হিন্দু শরণার্থীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার' দাবি ফের তুলেছেন তিনি। তাঁর কথায়, "হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে কমিশনকে, আর অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতেই হবে।"
এর পরেই আসে মুখ্যমন্ত্রী ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের কথোপকথন সংক্রান্ত অভিযোগ। শুভেন্দুর দাবি, বিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের দিনও অরুণ প্রসাদ নাকি প্রায় ২০ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন।
এর আগে এসআইআর প্রক্রিয়ায় যুক্ত মোট ৬৭ জন বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিল বিজেপি। কী কারণে তাঁদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্নও কমিশনের কাছে তুলেছে স্যাফরন ক্যাম্প।
রাজ্যের নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনার মাঝে এমন অভিযোগ রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে।












Click it and Unblock the Notifications